প্রান্তডেস্ক:কুয়েতে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের দুটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইরান। রোববার (১৯ জুলাই) ইরানের সামরিক বাহিনীর বরাত দিয়ে রাষ্ট্রীয় টেলিভিশন আইআরআইবি জানিয়েছে, হামলায় ক্যাম্প আল-আদির সামরিক ঘাঁটির একটি গোলাবারুদের গুদাম এবং আলি আল-সালেম বিমানঘাঁটির প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ও বিমান প্রতিরক্ষা রাডার লক্ষ্যবস্তু করা হয়েছে।
গত প্রায় এক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন স্থাপনায় একের পর এক বিমান হামলা চালিয়ে আসছে। এর জবাবে তেহরান কুয়েতসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনায় পাল্টা হামলা চালানোর দাবি করছে।
প্রসঙ্গত, গত জুনে পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি এবং দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়। তবে ওই চুক্তির পরও দুই দেশের মধ্যে সামরিক উত্তেজনা কমেনি, বরং ক্রমশ বেড়েই চলেছে।
এ বিষয়ে এখনও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।