প্রান্তডেস্ক:শতবর্ষ আগে আইনস্টাইনের দেয়া ভবিষ্যদ্বাণীই সত্য প্রমাণিত হলো। মানুষের তোলা প্রথম ব্ল্যাকহোলের ছবির সত্যতা নিরপেক্ষভাবে যাচাই করেছেন বিজ্ঞানীরা। নতুন এই গবেষণায় আরও একবার শক্তিশালী হয়েছে আইনস্টাইনের সাধারণ আপেক্ষিকতা তত্ত্ব। মানুষের ইতিহাসে প্রথমবার ধারণ করা একটি অতিভারী ব্ল্যাকহোলের ছবির সত্যতা নিশ্চিত করেছেন বিজ্ঞানীদের একটি স্বতন্ত্র গবেষক দল। এর মধ্য দিয়ে আবারও প্রমাণিত হয়েছে পদার্থবিজ্ঞানের অন্যতম শ্রেষ্ঠ বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের সাধারণ আপেক্ষিকতা তত্ত্বের যথার্থতা।
১৯১৫ সালে প্রকাশিত এই তত্ত্বেই প্রথম ব্ল্যাকহোলের অস্তিত্ব এবং এর চারপাশের পরিবেশ কেমন হতে পারে, তার গাণিতিক ব্যাখ্যা দিয়েছিলেন বিজ্ঞানীরা।
২০১৯ সালে বিশ্ববাসীর সামনে প্রকাশ করা হয়েছিল ব্ল্যাকহোলের প্রথম ছবি। ইভেন্ট হরাইজন টেলিস্কোপ (ইএইচটি) নামে পৃথিবীজুড়ে বিস্তৃত একাধিক টেলিস্কোপের সমন্বয়ে গঠিত বিশেষ পর্যবেক্ষণব্যবস্থার মাধ্যমে ছবিটি ধারণ করা হয়। এতে দেখা যায় মেসিয়ে ৮৭ (এম৮৭) নামের একটি ছায়াপথের কেন্দ্রে থাকা অতিভারী ব্ল্যাকহোল। পৃথিবী থেকে এর দূরত্ব প্রায় ৫ কোটি ৫০ লাখ আলোকবর্ষ। এম৮৭ নামে পরিচিত এই ব্ল্যাকহোলটির ভর সূর্যের ভরের প্রায় ৬৫০ কোটি গুণ। এর ছবি ধারণ করা ছিল বিজ্ঞানের ইতিহাসে এক অসাধারণ অর্জন। তবে প্রশ্ন উঠতে পারে, এত বড় সাফল্যের পরও ছবিটির সত্যতা নতুন করে যাচাই করার প্রয়োজন হলো কেন?


