বিশ্বের ৩৩তম পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে আত্মপ্রকাশ বাংলাদেশের: বিজ্ঞানমন্ত্রী
মন্ত্রী বলেন, এই সফল পরীক্ষার মাধ্যমে বাংলাদেশ বিশ্বের ৩৩তম পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে আত্মপ্রকাশ করল, যা পুরো জাতির জন্য অত্যন্ত আনন্দের সংবাদ।
বিকেল ৩টায় বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামের উপস্থিতিতে বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে প্রথমবারের মতো ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়।
পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহের বর্তমান অবস্থা তুলে ধরে মন্ত্রী জানান, জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে সর্বোচ্চ ৩৫০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। পরীক্ষার ফলাফল অত্যন্ত সন্তোষজনক পাওয়া গেছে। পরবর্তী সময়ে গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখতে বিদ্যুৎ সরবরাহ কমিয়ে ৩০০ মেগাওয়াটে স্থির রাখা হয়েছে।
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার পর্যবেক্ষণ প্রসঙ্গে মন্ত্রী বলেন, সংস্থাটির প্রতিনিধিদল প্রকল্পের সার্বিক অগ্রগতি ও নিরাপত্তাব্যবস্থায় অত্যন্ত সন্তুষ্ট। এ কারণেই আজকের সফল গ্রিড সিনক্রোনাইজেশন পরীক্ষা সম্পন্ন করা সম্ভব হয়েছে।
এই অভাবনীয় সাফল্যে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী। একই সঙ্গে দেশের সাধারণ মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

