আজ মজলুম জননেতা মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী

প্রান্তডেস্ক:মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ ১৭ নভেম্বর। ১৯৭৬ সালের এই দিনে ঢাকার তৎকালীন পিজি হাসপাতালে (বর্তমানে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়) চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। পরে টাঙ্গাইলের সন্তোষে তাকে সমাহিত করা হয়।
উপমহাদেশের রাজনীতিতে প্রভাবশালী এই নেতার মৃত্যুতে থেমে যায় নিপীড়িত ও বঞ্চিত মানুষের পক্ষে সোচ্চার এক বলিষ্ঠ কণ্ঠ। দীর্ঘ রাজনৈতিক জীবনে কৃষক, শ্রমিক ও সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং সমাজে বৈষম্য দূর করতে নিরলস সংগ্রাম করেছেন তিনি। শোষণ, বঞ্চনা ও অন্যায়ের বিরুদ্ধে আপসহীন অবস্থানের কারণে তিনি ‘মজলুম জননেতা’ হিসেবে পরিচিতি লাভ করেন।
মওলানা ভাসানীর জন্ম ১৮৮০ সালের ১২ ডিসেম্বর সিরাজগঞ্জের ধানগড়া গ্রামে। কৈশোর থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত হন তিনি। দীর্ঘদিন তৎকালীন বাংলা-আসাম প্রদেশ মুসলিম লীগের সভাপতি ছিলেন। লাইন-প্রথা উচ্ছেদ, জমিদারদের নির্যাতনের বিরুদ্ধে আন্দোলনসহ সাধারণ মানুষের অধিকার আদায়ে নানা সংগ্রামে নেতৃত্ব দেন।
১৯৫৭ সালে টাঙ্গাইলে তার উদ্যোগে অনুষ্ঠিত ঐতিহাসিক কাগমারী সম্মেলন বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে বিশেষ তাৎপর্যপূর্ণ ঘটনা হিসেবে বিবেচিত হয়।
রাষ্ট্রপতির বাণী
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বাণীতে রাষ্ট্রপতি বলেন, মওলানা আবদুল হামিদ খান ভাসানী ছিলেন উপমহাদেশের রাজনীতি ও মুক্তিসংগ্রামের এক অবিস্মরণীয় ব্যক্তিত্ব। দীর্ঘ বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি শোষণ, বঞ্চনা, বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। কৃষক, শ্রমিক ও সাধারণ মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করেছেন তিনি।
রাষ্ট্রপতি আরও বলেন, তার আপসহীন সংগ্রামী জীবন ও সাধারণ মানুষের প্রতি গভীর মমত্ববোধ তাকে ‘মজলুম জননেতা’ হিসেবে সর্বস্তরের মানুষের অন্তরে চিরস্থায়ী আসন দিয়েছে। তার জীবনাদর্শ দেশপ্রেম, সামাজিক ন্যায়বিচার, গণতান্ত্রিক ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার প্রত্যয়ে অনুপ্রেরণা জোগাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ভাসানীর আদর্শে জীবন গড়তে হবে: রিজভী
মওলানা ভাসানীর আদর্শে জীবন গড়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
সোমবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ভাসানী জনশক্তি পার্টি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘মওলানা আবদুল হামিদ খান ভাসানীর আদর্শে আমাদের জীবন গড়তে হবে। তার আদর্শ আমাদের লালন করতে হবে।’
সভায় প্রধান বক্তা ছিলেন ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবুল। এ ছাড়া গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা বক্তব্য দেন।
সভায় বক্তারা ১৭ নভেম্বর মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকীকে জাতীয় দিবস ঘোষণার দাবি জানান।
সন্তোষে নানা কর্মসূচি, শুরু হয়েছে সাত দিনের মেলা
মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের সন্তোষে তার পরিবার, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ভক্ত-মুরিদান, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে।
ভোরে তার মাজারে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হবে।

