হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ১০ অক্টোবর, ২০২৬ ৪:৪৭ অপরাহ্ণ | সংবাদটি ২০ বার পঠিত

ছবি: সংগৃহীত
প্রান্তডেস্ক:হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহভাজন ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮৬ জন।
শনিবার (১০ অক্টোবর) হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে পাঁচজন, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগে একজন করে মারা গেছেন।
গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৫৫ জনে। তাঁদের মধ্যে নিশ্চিত হামে ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৫১ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ৯৫৫ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৩ হাজার ৮৪৮ জনে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১৩১ জন। ফলে নিশ্চিতভাবে হামে আক্রান্তের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২ হাজার ৩২৮ জনে।
প্রতিবেদনে আরও জানানো হয়, গত ১৫ মার্চ থেকে সারা দেশের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে ভর্তি হয়েছেন ১ লাখ ৮০ হাজার ৯৪৫ জন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৭৩ হাজার ৪৫৪ জন।

