কারাগারে গভীর রাতে তারেক সাঈদকে পিটিয়েছেন কারারক্ষীরা, দাবি আইনজীবীর :আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

ফাইল ছবি
প্রান্তডেস্ক:মুন্সিগঞ্জ জেলা কারাগারে গভীর রাতে লেফটেন্যান্ট কর্নেল (অব্যাহতিপ্রাপ্ত) তারেক সাঈদ মোহাম্মদকে কারারক্ষীরা লাঠি দিয়ে পিটিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
আইনজীবী মাহমুদুল হুসাইন রুবেলের দাবি, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে সাবেক এই সেনা কর্মকর্তাকে বেধড়ক পেটানো হয়। এতে তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। এ ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত ও তারেক সাঈদের দ্রুত সুচিকিৎসার ব্যবস্থা চেয়ে আদালতে আবেদন করেছেন এ আইনজীবী। এ বিষয়ে শুনানির জন্য আগামীকাল বৃহস্পতিবার দিন ধার্য করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ বুধবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন দুই সদস্যের ট্রাইব্যুনাল-২ এ দিন ধার্য করেন।
এ আইনজীবী আরও বলেন, হামলার ঘটনায় নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত ও সুচিকিৎসা চেয়ে আদালতের কাছে আমরা আবেদন করেছি। এ নিয়ে আগামীকাল বৃহস্পতিবার শুনানির জন্য দিন ধার্য রয়েছে। আগামীকাল এ আবেদনের ওপর শুনানি হবে।
এদিন তাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করার কথা থাকলেও নতুন করে দুই মাস সময় চেয়েছে প্রসিকিউশন। পরে আগামী ৩০ নভেম্বর এ প্রতিবেদন জমা দেওয়ার জন্য দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।(সৌজন্যে:দৈনিকসমকাল)

