আজ স্ত্রীর প্রশংসা দিবস, ভালোবাসা প্রকাশ করতে পারেন যেভাবে
প্রতি বছর সেপ্টেম্বরের তৃতীয় রবিবার যুক্তরাষ্ট্রে পালিত হয় স্ত্রীর প্রশংসা দিবস। ২০০৬ সাল থেকে দেশটিতে দিবসটি উদযাপন হয়ে আসছে। এরপর ধীরে ধীরে অন্যান্য দেশেও দিবসটি জনপ্রিয়তা পেয়েছে।
ডে’জ অব দ্য ইয়ারের তথ্য অনুযায়ী, স্ত্রীর প্রতি সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশের উদ্দেশ্যেই মূলত দিবসটি উদযাপন করা হয়।
দিবসটি উপলক্ষে স্ত্রীকে ছোট কোনো উপহার দিয়ে ভালোবাসা প্রকাশ করতে পারেন। যেমন দেওয়া যেতে পারে একটি আংটি। ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশে আংটি দেওয়ার রীতি প্রাচীনকাল থেকেই চলে আসছে। এই রীতি খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতাব্দী থেকে শুরু বলে জানা যায়।
প্রেমের প্রতীক হিসেবে আংটি দেওয়ার প্রচলন শুরু করেছিলেন রোমান কবি প্ল্যাটাস। কয়েক বছর পর, চতুর্থ শতাব্দীতে এটি ঐতিহ্যে পরিণত হয়।
তবে ভালোবাসা প্রকাশের জন্য দামি উপহারই যে দিতে হবে, এমন নয়। সুন্দর একটি ফুলের তোড়া দিয়েও স্ত্রীকে বিশেষ অনুভব করাতে পারেন। চাইলে একসঙ্গে রেস্তোরাঁয় খেতে যেতে পারেন কিংবা সিনেমা দেখার টিকিট কিনতে পারেন।
কোথাও ঘুরতে যাওয়া, পারফিউম বা জুয়েলারি উপহার দেওয়ার মাধ্যমেও দিনটিকে বিশেষ করে তুলতে পারেন।
আর যদি উপহারের চেয়ে মনের কথাটাই জানাতে চান, তাহলে একটি চিঠি লিখেও স্ত্রীর প্রশংসা করতে পারেন। জীবনে তাঁর গুরুত্ব, ভালোবাসা ও কৃতজ্ঞতার কথা কয়েকটি বাক্যে জানিয়ে দিতে পারেন আজই।

