ডিসেম্বরেই দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার!
শেখ হাসিনা। ছবি : সংগৃহীত
প্রান্তডেস্ক:আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহে দেশে ফেরার পরিকল্পনা করছেন মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডিত ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংবাদমাধ্যম টাইমস অব বাংলাদেশ-কে আওয়ামী লীগের একাধিক জ্যেষ্ঠ নেতা এই তথ্য নিশ্চিত করেছেন। ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন।
আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) নেতারা জানিয়েছেন, শেখ হাসিনা ডিসেম্বরের প্রথম সপ্তাহের শেষে অথবা দ্বিতীয় সপ্তাহের শুরুতে পেট্রাপোল-বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশের পরিকল্পনা চূড়ান্ত করেছেন। এর আগে অক্টোবর মাসের মাঝামাঝি সময়ে তিনি নয়া দিল্লিতে আন্তর্জাতিক গণমাধ্যমের সামনে তার দেশে ফেরার নির্দিষ্ট তারিখ ঘোষণা করবেন। ক্ষমতাচ্যুত হওয়ার পর এটিই হবে তার প্রথম জনসমক্ষে আসা। এর আগে ভারতীয় সংবাদমাধ্যম ‘দ্য ওয়াল’কে দেওয়া এক সাক্ষাৎকারেও তিনি ডিসেম্বরে ফেরার ইচ্ছার কথা জানিয়েছিলেন।
টাইমস অব বাংলাদেশ-এর প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনাকে বরণ করে নিতে এবং তার সঙ্গে দেশে ফিরতে প্রবাসে থাকা প্রায় ৬০ জন আওয়ামী লীগ নেতা এরই মধ্যে কলকাতায় সমবেত হয়েছেন। সেখানে তারা নিয়মিত বৈঠক ও অনলাইন সমন্বয়ের মাধ্যমে দলীয় কর্মীদের সক্রিয় থাকার নির্দেশনা দিচ্ছেন। সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী জানিয়েছেন, বিমান চলাচল কর্তৃপক্ষ অনুমতি দিলে তারা প্রবাসে থাকা নেতাকর্মীদের নিয়ে চার্টার্ড বিমানে দেশে ফেরার প্রস্তুতিও রাখছেন।
আওয়ামী লীগ নেতারা আরও জানিয়েছেন, যদি বাংলাদেশে প্রবেশে বাধা দেওয়া হয়, তবে শেখ হাসিনা দিল্লিতে না ফিরে পশ্চিমবঙ্গেই অবস্থান করবেন এবং সেখান থেকেই দলের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবেন। দলের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ১৯৮১ সালের মতো এবারও তিনি প্রতিকূল পরিস্থিতি জয় করে দেশে ফিরবেন।
সূত্রমতে, দিল্লি থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা হওয়ার আগে শেখ হাসিনা নিজামুদ্দিন আউলিয়া এবং আজমির শরিফ জিয়ারত করার পরিকল্পনা করছেন। তার সঙ্গে বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের থাকার কথা রয়েছে। শেখ হাসিনা গ্রেপ্তার হলে দলের গঠনতন্ত্র অনুযায়ী সভাপতিমণ্ডলীর জ্যেষ্ঠতম সদস্য ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করবেন বলে দলের একাধিক নেতা টাইমস অব বাংলাদেশ-কে নিশ্চিত করেছেন।(সৌজন্যে:দৈনিক সংবাদ)


