দক্ষিণ কোরিয়াকে ইরানের হুঁশিয়ারি

প্রান্তডেস্ক:পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে সেনা মোতায়েন বা সামরিক অভিযানে অংশ না নেওয়ার বিষয়ে দক্ষিণ কোরিয়াকে সতর্ক করেছে ইরান। দেশটি বলেছে, এ ধরনের পদক্ষেপকে যুক্তরাষ্ট্রের প্রতি সরাসরি সমর্থন হিসেবে দেখা হবে এবং এর ফলে ‘গুরুতর পরিণতি’ হতে পারে।
সোমবার (৭ সেপ্টেম্বর) এক্সে দেওয়া পোস্টে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই কোরিয়ান ভাষায় দেওয়া এক বার্তায় এই সতর্কবার্তা জানান। তিনি বলেন, ইরান ও দক্ষিণ কোরিয়ার সম্পর্ক ৬৪ বছরেরও বেশি পুরনো এবং তা সর্বদা পারস্পরিক শ্রদ্ধার ওপর প্রতিষ্ঠিত। তিনি আরও বলেন, সিউলের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে তেহরান অত্যন্ত গুরুত্বের সাথে দেখে।
বাঘাই লেখেন, বর্তমান পরিস্থিতিতে ইরানি জাতি আগ্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে নিজেদের রক্ষা করছে এবং নারী ও শিশুদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধাপরাধের কঠোর জবাব দিচ্ছে। এ সময় পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে অন্য কোনো পক্ষের অভিযানমূলক অংশগ্রহণ বা সামরিক উপস্থিতি আগ্রাসী পক্ষকে সরাসরি সহায়তা হিসেবে গণ্য করা হবে এবং এর গুরুতর পরিণতি হবে।
তিনি আরও যোগ করেন, কোনো সার্বভৌম ও দায়িত্বশীল সরকারই মহান ইরানি জাতির বিরুদ্ধে আগ্রাসী ও জঘন্য কর্মকাণ্ডে অংশ নেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের চাপ ও ব্ল্যাকমেইলের কাছে নতি স্বীকার করে না।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই অভিযোগ করেন, নিজেদের শুরু করা যুদ্ধের ক্ষয়ক্ষতির বোঝা অন্য দেশগুলোর ওপর চাপানোর চেষ্টা করছে যুক্তরাষ্ট্র।
সূত্র: তাসনিম নিউজ এজেন্সি।

