সিরাজগঞ্জে বাসদের মানববন্ধনে হামলা, আহত ৫

প্রান্তডেস্ক:সিরাজগঞ্জে সার ও বিদ্যুৎ সংকট নিরসন এবং নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) আয়োজিত মানববন্ধনে হামলার ঘটনা ঘটেছে। এতে দলের অন্তত ৫ জন নেতাকর্মী আহত হয়েছেন।
শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে সিরাজগঞ্জ সদর উপজেলার পিপুলবাড়ীয়া বাজারে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ মানববন্ধনের আয়োজন করা হলে এ হামলার ঘটনা ঘটে।
হামলায় আহতরা হলেন— জেলা বাসদের আহ্বায়ক নব কুমার কর্মকার, আব্দুল আজিজ, পলাশ কুমার ঘোষ, ইব্রাহিম ও শফিকুল ইসলাম শফি।
বাসদের জেলা আহ্বায়ক নব কুমার কর্মকার অভিযোগ করেন, বক্তব্য চলাকালে হঠাৎ ৪০ থেকে ৫০ জনের একটি দল হামলা চালিয়ে ব্যানার ছিঁড়ে ফেলে এবং নেতাকর্মীদের মারধর করে। এ সময় ঘটনাস্থলে পুলিশ উপস্থিত ছিল বলেও তিনি জানান।
তবে সিরাজগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. আবু বক্কার মাতব্বর জানান, স্থানীয়রা মানববন্ধন করতে দেয়নি—এমনটুকু তিনি শুনেছেন, কিন্তু মারধর বা আহতের তথ্য তাঁর জানা নেই। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাজরান রউফও জানান, সেখানে কেবল ধাক্কাধাক্কির খবর তিনি পেয়েছেন।

