প্রান্তডেস্ক:পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সিলেট মহানগরীতে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য মুবারক র‌্যালি। বুধবার (২৬ আগস্ট) দুপুরের পর নগরীর সোবহানীঘাট থেকে বের হওয়া মুবারক র‌্যালিতে সমবেত হন কয়েক শত মুসল্লি ও শিক্ষার্থীরা। বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার একটি বাস্তবায়ন কমিটি এই র‌্যালির আয়োজন করে, যা শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো ঘুরে শেষ হয়।

মিছিলজুড়ে উড়ছিল রাসুল (সা.)-এর প্রশংসায় লেখা কবিতার লাইন সংবলিত ব্যানার-প্ল্যাকার্ড। র‌্যালি শুরুর আগে একটি আলোচনা সভা বসে, যেখানে সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক মারুফ আহমদ, সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব আরিফ হোসাইন সামাদ। বক্তাদের মধ্যে ছিলেন, সিটি কর্পোরেশন প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, আল্লামা মুফতি গিয়াস উদ্দিন চৌধুরী ফুলতলী, সোবহানীঘাটের হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ আল্লামা কমরুদ্দিন চৌধুরী ফুলতলী, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর মহাসচিব মুফতি একেএম মনোওর আলী এবং তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় নেতৃত্ব মনজুরুল করিম মহসিন ও মনোয়ার হোসেনসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।