চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রী ড. আবদুল মঈন খান ও প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সাথে ডেনমার্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ এর পর সাংবাদিকদের ব্রিফিং করেন প্রতিমন্ত্রী। ছবি: বাসস
বাসস:চলতি অর্থবছরের মধ্যেই দেশের পাঁচ ধরনের স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এসব নির্বাচন আয়োজনের জন্য বাজেটে ৬ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে বলেও জানান তিনি।
মঙ্গলবার সকালে সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান ও প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার সাক্ষাৎ করেন। বৈঠক শেষে সাংবাদিকদের আলোচনার বিষয়গুলো জানান প্রতিমন্ত্রী।
তিনি বলেন, নির্বাচনের তফসিল ও তারিখ নির্ধারণ করবে নির্বাচন কমিশন। ইসির সঙ্গে আলোচনার পর স্থানীয় সরকার নির্বাচন নিয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে ব্রিফিং দেওয়া হবে।
তিনি বলেন, ১৬ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত পানি শোধনাগারটির তৃতীয় ধাপে ডেনমার্ক সাড়ে ৪ হাজার কোটি টাকা সহায়তা দেবে। এর মধ্যে দেড় হাজার কোটি টাকা অনুদান হিসেবে দেওয়া হবে। বাকি ৩ হাজার কোটি টাকা আগামী ২০ বছরে ধাপে ধাপে পরিশোধ করবে বাংলাদেশ সরকার।
প্রতিমন্ত্রীর ভাষ্য, দীর্ঘ মেয়াদে ধাপে ধাপে অর্থ পরিশোধের সুযোগ থাকায় এ সহায়তায় সরকারের ওপর বড় ধরনের আর্থিক চাপ পড়বে না।
প্রকল্পটি বাস্তবায়িত হলে মেঘনা নদী থেকে প্রতিদিন ৯৫ কোটি লিটার পানি শোধন করা সম্ভব হবে বলে জানান তিনি। এ ছাড়া রোহিঙ্গাদের সহায়তায় ডেনমার্ক ১০০ কোটি টাকা দেবে বলেও জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী।

