শপথের আগে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি

মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত
প্রান্তডেস্ক:বঙ্গভবনে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমধাস্থিলে শ্রদ্ধা জানাবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সেখানে ফুল দিয়ে প্রয়াত এ দুই নেতার প্রতি গভীর শ্রদ্ধা জানাবেন। এরপর তাদের রুহের মাগফিরাত কামনা করে সূরা ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেবেন তিনি।
সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন পর্ব শেষ করে তিনি সরাসরি বঙ্গভবনের উদ্দেশে রওনা হবেন। সেখানে আনুষ্ঠানিকভাবে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন তিনি।
মন্ত্রিপরিষদ বিভাগের সার্বিক তত্ত্বাবধানে ইতোমধ্যে শপথ অনুষ্ঠানের সব প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে।
জানা গেছে, শুক্রবার সন্ধ্যা ৭টায় শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হবে। তবে অতিথিদের সন্ধ্যা ৬টা ৩০ মিনিটের মধ্যেই আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান বঙ্গভবনের দরবার হলে প্রবেশ করবেন। এরপর ৬টা ৫০ মিনিটে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দরবার হলে প্রবেশ করবেন।
রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠানে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রায় এক হাজার অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, জাতীয় সংসদের স্পিকার, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা।
এ ছাড়া তিন বাহিনীর প্রধান, সরকারের উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, জাতীয় পর্যায়ের বিশিষ্ট রাজনৈতিক নেতা, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকরা উপস্থিত থাকবেন। ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও বিদেশি কূটনীতিকদেরও এই ঐতিহাসিক মুহূর্তে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি সংসদ সদস্যদের ভোটে তিনি রাষ্ট্রপ্রধান নির্বাচিত হলেন।
দীর্ঘ ৩৫ বছর পর দেশে বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদের অধিবেশন কক্ষে উৎসবমুখর পরিবেশে রাষ্ট্রপতি নির্বাচন হয়। এতে ক্ষমতাসীন দল বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হয়।
নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।

