সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনে ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন

যথাযোগ্য মর্যাদা, উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সিলেটে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশনে ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে।
শনিবার (১৫ অগাস্ট) সকালে সিলেটের উপশহরস্থ ভারতীয় সহকারী হাইকমিশনের চ্যান্সারিতে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, ভারতের রাষ্ট্রপতির স্বাধীনতা দিবসের বার্তা পাঠ, শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য, সাংস্কৃতিক অনুষ্ঠান, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং আলোকচিত্রের ডিজিটাল প্রদর্শনীর আয়োজন করা হয়। সকালে ভারতীয় সহকারী হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারীরা চ্যান্সারির রিসেপশন এলাকায় অতিথিদের স্বাগত জানান।
পরে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস অনুষ্ঠানে উপস্থিত হলে তাঁর নেতৃত্বে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
পতাকা উত্তোলনের পর অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস ভারতের রাষ্ট্রপতির স্বাধীনতা দিবসের বার্তা পাঠ করে শোনান। পরে তিনি উপস্থিত শিক্ষার্থী ও অতিথিদের উদ্দেশে বক্তব্য দেন।
ভারত ও বাংলাদেশের জনগণের মধ্যে বিদ্যমান ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্কের কথা উল্লেখ করে তিনি দুই দেশের মানুষের পারস্পরিক যোগাযোগ ও বন্ধুত্ব আরও জোরদার করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন। শিক্ষা, সংস্কৃতি ও জনগণের মধ্যে যোগাযোগ দুই দেশের সম্পর্ককে আরও সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে দেশাত্মবোধক গান পরিবেশন করেন রূপন্তী চক্রবর্তী, হরিপ্রিয়া দেবী ও প্রিয়ন্তি দাস। সিলেট গ্রামার স্কুলের শিক্ষার্থীদের এবং অন্যান্য যুব শিল্পীদের আঁকা বেশ কিছু ছবি প্রদর্শিত হয়।
পরে India Through My Lens প্রতিযোগিতার আলোকচিত্র নিয়ে ডিজিটাল প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

