মিরপুরে আরেক নারীর অর্ধগলিত লাশ, স্বামী-সন্তানরা কানাডাপ্রবাসী
প্রকাশিত হয়েছে : ৪ জুন, ২০২৬ ৪:৩২ অপরাহ্ণ | সংবাদটি ৩ বার পঠিত
প্রান্তডেস্ক:রাজধানীর মিরপুরের পল্লবীর একটি বাসা থেকে নুরজাহান বেগম নামে এক নারীর গলিত লাশ উদ্ধারের একদিন পরই আরেক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার হয়েছে। আনুমানিক ৫৫ বছর বয়সী ওই নারীর স্বামী ও দুই মেয়ে কানাডাপ্রবাসী।পুলিশ বলেছে, মরদেহটি বিছানায় পড়েছিল। লাশে পচন ধরেছে।
গত মঙ্গলবার (২ জুন) দুপুরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে খবর পেয়ে পল্লবী থানার পুলিশ ওই বাসা থেকে মরদেহটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) মো. এমদাদুল হক জানান, ওই নারীর স্বামী ও দুই মেয়ে দীর্ঘদিন ধরে কানাডায় থাকেন। ১২ বছর আগে কানাডা থেকে দেশে ফিরে এসে বাবার ফ্ল্যাটে একা বসবাস শুরু করেন।
পুলিশ আরও জানায়, ওই নারীর আরেক বোন একই ভবনের চতুর্থ তলায় থাকতেন। গত ২৬ মে রাতে নারীর সঙ্গে তার ভাতিজার সর্বশেষ কথা হয়।
প্রতিবেশী ও স্বজনেরা নারীটির ফ্ল্যাটে গিয়ে দরজা খুললে মরদেহ দেখতে পান। পরে তারা ৯৯৯ নম্বরে খবর দেন।
পুলিশের ভাষ্য অনুযায়ী, পচন ধরার কারণে মরদেহে কোনো আঘাতের চিহ্ন শনাক্ত করা সম্ভব হয়নি।


