হরিণাকুণ্ডুতে সাংবাদিককে হাতুড়িপেটা
প্রান্তডেস্ক:ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে সাংবাদিক সবুজ শাহরিয়ারের (২৮) ওপর হামলা হয়েছে। দুর্বৃত্তদের হাতুড়ি ও লোহার রডের আঘাতে গুরুতর অবস্থায় তিনি কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। গত বুধবার রাত ৯টার দিকে উপজেলা জোড়াদহ ইউনিয়নের বেলতলা গ্রামে এই ঘটনা ঘটে।
সবুজ শাহরিয়ার বেলতলা গ্রামের শফি উদ্দিনের ছেলে। তিনি দৈনিক কালবেলার হরিণাকুণ্ডু উপজেলা প্রতিনিধি। স্বজনেরা হামলার জন্য জোড়াদহ ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম বাবু মিয়ার সমর্থকদের দায়ী করেছেন।
সবুজের মাথার হাড় ভেঙে মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়েছে ও পায়ে গুরুতর আঘাত করা হয়েছে জানিয়ে সেলিম রেজা বলেন, এই ঘটনায় মামলা না করতে ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম নানাভাবে তাদের ওপর চাপ দিচ্ছেন।
কালবেলার ঝিনাইদহ ব্যুরো প্রধান মাহমুদ হাসান টিপু বলেন, ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম বাবু বিগত নির্বাচনে নৌকা প্রতীকে নির্বাচিত হন। তিনি দলবল নিয়ে নতুন করে এলাকায় আধিপত্য বিস্তার করছেন। এতে নতুন করে সামাজিক দ্বন্দ্ব দেখা দিয়েছে। এই দন্দ্বের জেরেই সবুজ শাহরিয়ারের ওপর হামলা হয়েছে।
এই হামলায় জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় দাবি জানিয়েছেন জেলার সাংবাদিক নেতারা। তারা এ ঘটনার তীব্র নিন্দাও জানিয়েছেন। হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসিত কুমার বলেন, সংবাদ পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। আহত সাংবাদিক চিকিৎসাধীন। পরিবার থেকে এখনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

