আগের দামেই বিদ্যুৎ বিল দিতে পারবেন প্রান্তিক ও স্বল্প ব্যবহারকারীরা

প্রান্তডেস্ক:বিদ্যুতের দাম বৃদ্ধির ঘোষণার এক দিনের মাথায় প্রান্তিক ও স্বল্প বিদ্যুৎ ব্যবহারকারী আবাসিক গ্রাহকদের বাড়তি মূল্য থেকে অব্যাহতি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। ফলে লাইফলাইন ও প্রথম ধাপের গ্রাহকেরা আগের দামেই বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন।
এর আগে, গতকাল বুধবার ঘোষিত নতুন ট্যারিফ অনুযায়ী, লাইফলাইন গ্রাহকদের প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৪ টাকা ৬৩ পয়সা থেকে বাড়িয়ে ৫ টাকা ৩২ পয়সা নির্ধারণ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন বিতরণ সংস্থার প্রস্তাবের ভিত্তিতে বিইআরসি গত ২০ ও ২১ মে গণশুনানি গ্রহণের পর আইনগত ক্ষমতাবলে বিদ্যুতের পাইকারি, সঞ্চালন ও খুচরা মূল্যহার পুননির্ধারণ করে। তবে পুনর্নির্ধারিত ট্যারিফে বিদ্যুৎ বিভাগের অনুমোদনক্রমে বিপিডিবি কর্তৃক প্রস্তাবিত প্রান্তিক গ্রাহকদের মূল্যহারের প্রতিফলন ঘটেনি।
এ প্রেক্ষাপটে বিপিডিবি ৩ মে এর পাঠানো প্রস্তাবের আলোকে লাইফলাইন গ্রাহকদের ট্যারিফ পুনর্নির্ধারণের জন্য বিইআরসিকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ করা হয়েছে। বিদ্যুৎ বিভাগ আশা প্রকাশ করেছে, কমিশন এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

