নবায়নযোগ্য জ্বালানি খাতে বিশেষ গুরুত্ব রয়েছে সরকারের : জ্বালানি প্রতিমন্ত্রী
তিনি বলেন, দেশের মানুষের বিদ্যুৎ ও জ্বালানি সংক্রান্ত ভোগান্তি কমাতে সরকার আন্তরিকভাবে কাজ করছে।
সোমবার দুপুরে সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
ঈদের ছুটিতে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিভ্রাটের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ঈদের সময় বিদ্যুতের চাহিদা অনেক কমে যায়। ফলে পরিকল্পিত লোডশেডিংয়ের প্রয়োজন হয়নি। তবে কালবৈশাখী ঝড় ও ভারী বৃষ্টিপাতের কারণে অনেক স্থানে বিদ্যুৎ সঞ্চালন লাইনের ক্ষতি হয়েছে, যার ফলে কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়।
তিনি বলেন, চাহিদা ও সরবরাহের ঘাটতির কারণে যে বিদ্যুৎ বিচ্ছিন্নতা ঘটে সেটাই প্রকৃত লোডশেডিং। কিন্তু বর্তমানে অধিকাংশ ক্ষেত্রে সমস্যা হচ্ছে টেকনিক্যাল ফল্ট বা প্রাকৃতিক দুর্যোগের কারণে।
প্রতিমন্ত্রী জানান, ঈদের ছুটির সময়ও বিদ্যুৎ ও জ্বালানি বিভাগের কর্মকর্তারা মাঠপর্যায়ে কাজ করেছেন। কোথায় কী ধরনের সমস্যা হয়েছে এবং ভবিষ্যতে কীভাবে আরও ভালো সেবা দেওয়া যায়, তা পর্যালোচনায় বিদ্যুৎ ভবনে সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক করা হচ্ছে।
বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বর্তমানে চাহিদার তুলনায় অনেক বেশি উল্লেখ করে তিনি বলেন, অবকাঠামোগত সীমাবদ্ধতা ও প্রাকৃতিক দুর্যোগজনিত সমস্যাগুলো ধীরে ধীরে সমাধানের চেষ্টা চলছে।

