“জনতুষ্টিবাদী সিদ্ধান্ত গ্রহণ করাই সরকারের একমাত্র কাজ নয়”
প্রান্তডেস্ক:জনতুষ্টিবাদী সিদ্ধান্ত গ্রহণ করাটাই সরকারের একমাত্র কাজ নয়, সরকারের কাজ হচ্ছে দীর্ঘ মেয়াদে সুশাসন বজায় রাখা। জ্বালানি তেলের দাম বৃদ্ধির ইস্যুতে এ মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
আজ সোমবার (১ জুন) সচিবালয়ে ঈদ-পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, জ্বালানি সংকট শুরু পরেও সরকার দীর্ঘদিন দাম পুরনো জায়গায় ধরে রেখেছে।
মন্ত্রী বলেন, আমদানি করেই যদি চলতে হয় তাহলে তো আমদানি ক্ষমতার ওপর ভর করেই চলতে হবে। অর্থ মন্ত্রণালয় এবং বিদ্যুৎ মন্ত্রণালয় পরিস্থিতি মোকাবিলা করার জন্য ওয়াহিদউদ্দিন মাহমুদের নেতৃত্বে একটা পরামর্শ কমিটি করেছে, যে পরামর্শক কমিটির পরামর্শে সরকার চলছে।
তিনি বলেন, ওয়াহিদউদ্দিন মাহমুদ দেশের একজন বিশিষ্ট অর্থনীতিবিদ। তার পরামর্শ অনুযায়ী সরকার চলছে। তার পরামর্শ অনুযায়ী দীর্ঘদিন দাম বাড়ায়নি। আবার সংকট এখনো কাটেনি। আমাদের আমদানি করেও চলতে হবে। এইসব বিষয়টা মাথায় রেখেই সরকারকে পরিচালনা করতে হয়। জনতুষ্টিবাদী সিদ্ধান্ত গ্রহণ করাটাই সরকারের একমাত্র কাজ নয়, সরকারের কাজ হচ্ছে দীর্ঘ মেয়াদে সুশাসন বজায় রাখা।


