শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো চিলি
প্রকাশিত হয়েছে : ২৬ মে, ২০২৬ ১২:১৮ অপরাহ্ণ | সংবাদটি 0 View
প্রান্তডেস্ক:৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো দক্ষিণ আমেরিকার দেশ চিলি। প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি (এএ) এ খবর জানিয়েছে।
খবরে বলা হয়, স্থানীয় সময় সোমবার বিকেলে চিলির উত্তরাঞ্চলের আন্তোফাগাস্তা অঞ্চলে ভূমিকম্পটি আঘাত হেনেছে।
চিলি বিশ্ববিদ্যালয়ের ন্যাশনাল সিসমোলজিক্যাল সেন্টার জানিয়েছে, স্থানীয় সময় বিকেল ৫টা ৫২ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল কালামা শহরের ১২ কিলোমিটার দক্ষিণে।
চিলির হাইড্রোগ্রাফিক অ্যান্ড ওশেনোগ্রাফিক সার্ভিসও এই ভূমিকম্পের বৈশিষ্ট্য সুনামি সৃষ্টির মতো নয় বলে জানায়। ফলে চিলির উপকূলে সুনামির কোনও ঝুঁকি নেই বলে জানানো হয়।
প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’-এর ওপর অবস্থান করায় চিলিতে প্রায়ই ভূমিকম্প হয়ে থাকে। মূলত নাজকা ও দক্ষিণ আমেরিকান টেকটোনিক প্লেটের সংঘর্ষের কারণে দেশটিতে নিয়মিত বিভিন্ন মাত্রার ভূকম্পন অনুভূত হয়।