হাসিনার কর্মকাণ্ডে উদ্বেগ, প্রণয় ভার্মাকে তলব

প্রান্তডেস্ক:আসন্ন সংসদ নির্বাচন বানচাল করার লক্ষ্যে পলাতক আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার আহ্বান জানিয়ে তার সমর্থকদের প্রতি উসকানিমূলক বক্তব্য অব্যাহত রাখায় ভারত সরকারের কাছে গুরুতর উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ।
রোববার (১৪ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে এই উদ্বেগ জানানো হয়।
এ ছাড়া বাংলাদেশের রাজনৈতিক নেতা শরীফ ওসমান হাদিকে হত্যাচেষ্টায় জড়িত সন্দেহভাজনরা যাতে ভারতে পালিয়ে যেতে না পারে, সে বিষয়ে সহযোগিতা চেয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে তারা যদি ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করতে সক্ষম হয়, তবে তাদের অবিলম্বে গ্রেপ্তার করে বাংলাদেশে প্রত্যর্পণ নিশ্চিত করার অনুরোধ জানানো হয়েছে।
মন্ত্রণালয় জোর দিয়ে বলেছে, প্রতিবেশী দেশ হিসেবে ন্যায়বিচার সমুন্নত রাখা এবং গণতান্ত্রিক প্রক্রিয়া রক্ষায় ভারত বাংলাদেশের জনগণের পাশে থাকবে বলে আশা করা হচ্ছে।

