১২৮ বছর পর মাদাগাস্কারকে রাজার খুলি ফিরিয়ে দিল ফ্রান্স
ফ্রান্স ২০২৩ সালের ৮ ডিসেম্বর একটি নতুন আইন পাস করে, যাতে বলা হয়—ফরাসি সরকারি সংগ্রহে থাকা ৫০০ বছরের কম বয়সী যেকোনো মানব দেহাবশেষ সংশ্লিষ্ট দেশে ফেরত পাঠানো যাবে। এর আগে প্রতিটি দেহাবশেষের জন্য আলাদা আইন করতে হতো।
ফরাসি সংস্কৃতি মন্ত্রী রাশিদা দাতি এক বিবৃতিতে বলেন, “এই খুলিগুলো যে প্রক্রিয়ায় ফরাসি জাদুঘরে গিয়েছিল, তা মানবাধিকারের লঙ্ঘন ও মানব মর্যাদার প্রতি চরম অসম্মান। এগুলো ঔপনিবেশিক সহিংসতারই প্রতিফলন।”
প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ দায়িত্ব নেওয়ার পর থেকেই আফ্রিকায় ফ্রান্সের ঔপনিবেশিক ভুলগুলো স্বীকার করে আসছেন। চলতি বছরের এপ্রিলে মাদাগাস্কারের রাজধানী আন্তানানারিভো সফরকালে তিনি দেশটির ওপর ফরাসি শাসনকে রক্তাক্ত ও মর্মান্তিক বলে স্বীকার করে ক্ষমা প্রার্থনার প্রয়াস দেখান।
মাদাগাস্কারের সংস্কৃতি মন্ত্রী ভোলামিরান্তি ডোনা মারা বলেন, “এই খুলিগুলো ফেরত দিয়ে ফ্রান্স ইতিহাস গড়ল। এর মাধ্যমে দুই দেশের মধ্যে নতুন সহযোগিতার যুগ শুরু হবে।”
১৯৬০ সালে ফ্রান্সের ঔপনিবেশিক শাসন থেকে স্বাধীনতা লাভ করে মাদাগাস্কার। ফেরত আনা খুলিগুলো রোববার দ্বীপটিতে পৌঁছাবে এবং সেখানে ধর্মীয় রীতিতে দাফন করা হবে বলে জানানো হয়েছে।

