মোদির উপর ক্ষুব্ধ মমতা, কলকাতা থেকে তাড়াতে চান আওয়ামী লীগ নেতাদের
প্রান্তডেস্ক:ভারত-বাংলাদেশের রাজনৈতিক সম্পর্ক ঘিরে ফের উত্তাপ ছড়াল পশ্চিমবঙ্গের রাজনীতিতে। কলকাতার নিউ টাউনের একটি আবাসন প্রকল্প উদ্বোধনের মঞ্চে দাঁড়িয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারকে একহাত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভাষণ দিতে গিয়ে তিনি অভিযোগ করেন, বাংলাদেশের আওয়ামী লীগের শীর্ষ নেতারা বর্তমানে কলকাতায় আশ্রয় নিয়েছেন এবং তা নাকি ভারত সরকারের প্রচ্ছন্ন সহযোগিতায় সম্ভব হয়েছে।
মমতা বলেন, “আমি তো কিছু বলিনি। ভারত সরকারি অতিথি হিসেবে কয়েকজনকে রেখেছে। পার্শ্ববর্তী দেশে সমস্যা হয়েছে বলে আশ্রয় দেওয়া হয়েছে। এটাও একটা রাজনৈতিক কারণ।” তার এই বক্তব্যের মাধ্যমে ইঙ্গিত স্পষ্ট—বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক সংকটের সময় ভারত বিশেষত পশ্চিমবঙ্গ হয়ে উঠেছে একটি “নিরাপদ আশ্রয়স্থল”।
তিনি আরও বলেন, যারা পশ্চিমবঙ্গে ভোট দিয়েছে, তারা তো ভারতের নাগরিক—তাদের ধর্ম, কাস্ট বা রাজ্য দেখে অধিকার ছেঁটে ফেলা যাবে না। “নাম কাটার নামে বাংলা ভাষীদের হেনস্থা মেনে নেব না,”— সাফ জানিয়ে দেন মমতা।

