প্রান্তডেস্ক:মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় মণিপুরি সম্প্রদায়ের প্রধান ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব মহারাসলীলা আগামী মঙ্গলবার (২৪ নভেম্বর) অনুষ্ঠিত হবে। উৎসবকে ঘিরে উপজেলার মণিপুরি অধ্যুষিত গ্রাম ও পাড়াগুলোতে এখন চলছে রাখাল নৃত্য ও রাস নৃত্যের শেষ মুহূর্তের মহড়া।

উৎসবের ঐতিহ্য অনুযায়ী, এ বছর কমলগঞ্জের মাধবপুরে ১৮৪তম এবং আদমপুরে ৪১তম রাসপূর্ণিমা উৎসব উদযাপিত হবে। ইতিমধ্যেই মাধবপুর ইউনিয়নের দক্ষিণ মাঝেরগাঁও, বাঘবাড়ি ও উত্তর মাঝেরগাঁও গ্রামে শুরু হয়েছে গোষ্ঠলীলা (রাখাল নৃত্য) এবং রাসনৃত্যের শেষ মুহূর্তের মহড়া। প্রতিদিন একেকটি গ্রামে ১৫-২০ জন তরুণ-তরুণী ঐতিহ্যবাহী গানের সুরে নৃত্যের প্রশিক্ষণ নিচ্ছেন। অভিজ্ঞ প্রশিক্ষকদের নিখুঁত তত্ত্বাবধানে চলছে রাসনৃত্যের মুদ্রা ও কৌশল রপ্ত করার কাজ।

আয়োজকরা জানান, মহারাস উৎসব মূলত দুটি প্রধান পর্বে বিভক্ত। দিনের আলোয় বেলা ১১টা থেকে শুরু হয় ‘রাখালরাস’ পরিবেশনা। এরপর রাত ১১টা থেকে ১২টার মধ্যবর্তী সময়ে শুরু হয় উৎসবের সবচেয়ে আকর্ষণীয় ও কাঙ্ক্ষিত পর্ব ‘মহারাস নৃত্য’।

মাধবপুরের শিববাজারের ঐতিহাসিক জোড়ামণ্ডপ এবং আদমপুরের তেতইগাঁওয়ের মঞ্চে রাতভর চলবে এই মহোৎসব। প্রতিবছরের মতো এবারও দেশ-বিদেশ থেকে হাজারো পর্যটক ও দর্শনার্থীর সমাগম ঘটবে বলে আশা করা হচ্ছে।

রাসধারী (প্রশিক্ষক) অনিরা সিনহা বলেন, আমরা দীর্ঘদিন ধরে শিশু-কিশোরদের নিয়ে রাস উৎসবের প্রস্তুতি নিয়ে থাকি। বাড়ির উঠানে বিকেল থেকে রাত পর্যন্ত মহড়া চলে। এখন চলছে আমাদের শেষ মুহূর্তের প্রস্তুতি।

মণিপুরি মহারাসলীলা সেবা সংঘের সভাপতি চাঁদমুরারী সিংহ জানান, ২৩ নভেম্বর আলোচনা সভা ও স্মারকগ্রন্থ উন্মোচনের মধ্য দিয়ে দুদিনব্যাপী এই উৎসবের সূচনা হবে এবং ২৪ নভেম্বর মূল উৎসব অনুষ্ঠিত হবে।

আদমপুর রাস পূর্ণিমা উৎসব উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সমরেন্দ্র কুমার সিংহ আশা প্রকাশ করে বলেন, জাতি-ধর্ম-বর্ণনির্বিশেষে সকল মানুষের উপস্থিতিতে এই উৎসব প্রাঙ্গণ এক সুমহান মিলনমেলায় পরিণত হবে।

এদিকে উৎসবের সার্বিক নিরাপত্তা ও প্রস্তুতি প্রসঙ্গে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্বন্দীপ তালুকদার বলেন, ইতোমধ্যে আয়োজক কমিটির সঙ্গে সভা অনুষ্ঠিত হয়েছে। রাস উৎসবে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ও সার্বিক সহযোগিতা প্রদান করা হবে।