ইরানের সঙ্গে সমঝোতা কঠিন, মন্তব্য মার্কো রুবিওর

প্রান্তডেস্ক:মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইরানে ক্ষমতাসীন ইসলামি প্রজাতন্ত্রী সরকার ‘কট্টরপন্থি শিয়া ধর্মীয় নেতাদের নিয়ন্ত্রণে’ থাকায় তেহরানের সঙ্গে ওয়াশিংটনের সমঝোতা বা স্থায়ী শান্তি চুক্তিতে পৌঁছানো অত্যন্ত কঠিন। গতকাল মঙ্গলবার (২০ অক্টোবর) মার্কিন সম্প্রচার সংবাদমাধ্যম সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
মার্কো রুবিও বলেন, ইরানি শাসকদের সাথে কোনো চুক্তিতে পৌঁছানো কঠিন, কারণ তারা দক্ষ আলোচক নন এবং ধর্ম দ্বারা পরিচালিত হন। তারা কট্টরপন্থী শিয়া ধর্মীয় নেতাদের নিয়ন্ত্রণে রয়েছেন।
গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের প্রেক্ষাপটে হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে ইরানের হামলার কঠোর সমালোচনা করেন রুবিও। এ ধরনের হামলাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ‘নজিরবিহীন’ উল্লেখ করে তিনি একে নাৎসি বাহিনীর সাবমেরিন কৌশলের সঙ্গে তুলনা করেন। তিনি বলেন, বিশ্বের উচিত এ ধরনের কৌশলের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে নিন্দা জানানো।
উল্লেখ্য, পাকিস্তানের মধ্যস্থতায় এর আগে দু’বার যুদ্ধবিরতি ঘোষণা করা হলেও তা ফলপ্রসূ হয়নি। সম্প্রতি তেহরান সফরে গিয়ে ইরানের পার্লামেন্টের স্পিকার ও ক্ষমতাসীন সরকারের শীর্ষ মুখপাত্র বাঘের ঘালিবাফের সঙ্গে বৈঠক করেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। ওই বৈঠকে বাঘের ঘালিবাফ স্পষ্ট জানিয়ে দেন, অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারসহ ৭টি শর্ত পূরণ না হওয়া পর্যন্ত ওয়াশিংটনের সঙ্গে কোনো আলোচনা শুরু করবে না তেহরান।

