যুক্তরাষ্ট্রের তালিকাভুক্ত সন্ত্রাসী মুহাম্মদ সারওয়ারপাকিস্তানে মারা গেছেন
ছবি : এক্স থেকে নেওয়া। প্রান্তডেস্ক:পাকিস্তানের লাহোরে রবিবার (১৮ আক্টোবর) মারা গেছেন যুক্তরাষ্ট্রের অর্থ দপ্তরের তালিকাভুক্ত সন্ত্রাসী মুহাম্মদ সারওয়ার। তিনি পাকিস্তান মারকাজি মুসলিম লিগের (পিএমএমএল) পাঞ্জাব প্রদেশের সভাপতি ছিলেন।
ওএফএসি জানিয়েছিল, লস্কর-ই-তাইয়েবার তহবিল সংগ্রহ ও স্থানান্তরের কাজে যুক্ত ছিলেন সারওয়ার ও মাহমুদ। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার উদ্দেশ্য ছিল সংগঠনটির অর্থায়নের নেটওয়ার্ক দুর্বল করা এবং সন্ত্রাসী হামলা চালানোর সক্ষমতা কমানো। যুক্তরাষ্ট্রের এখতিয়ারের মধ্যে থাকা তাদের সম্পদ জব্দ করার ব্যবস্থাও নেওয়া হয়।
ওএফএসির তথ্য অনুযায়ী, সারওয়ার এক দশকের বেশি সময় ধরে লাহোরে লস্কর-ই-তাইয়েবার জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।
২০১২ থেকে ২০১৩ সালের মধ্যে তিনি সংগঠনটির বৈদেশিক বিষয়ক প্রধান হাফিজ আবদুর রহমান মাক্কির সঙ্গে কাজ করেন। ২০১৩ সালের শুরুর দিকে পাকিস্তানের ভেতরে যাতায়াতের খরচ মেটাতে মাক্কি তার কাছে অর্থ চেয়েছিলেন বলে জানিয়েছিল ওএফএসি। ২০১০ সালের নভেম্বরে যুক্তরাষ্ট্রের নির্বাহী আদেশ ১৩২২৪-এর আওতায় মাক্কিকেও তালিকাভুক্ত করা হয়।
ওএফএসির বিবরণ অনুযায়ী, ২০০০-এর দশকের শুরুর দিকে লস্কর-ই-তাইয়েবার সঙ্গে সারওয়ারের সম্পৃক্ততা শুরু হয়। সংগঠনটির লাহোরের আমির হিসেবে তিনি তহবিল সংগ্রহ ও স্থানান্তরের কাজে সরাসরি যুক্ত ছিলেন। এ জন্য পাকিস্তানের আনুষ্ঠানিক আর্থিক ব্যবস্থাও ব্যবহার করা হতো।
২০০৮ সালে ব্যবসায়ীদের বিভিন্ন দলের নেতৃত্ব দিয়ে লস্কর-ই-তাইয়েবার স্থাপনায় যান সারওয়ার। সেখানে সংগঠনটির জন্য অনুদান সংগ্রহ করা হতো। ওএফএসির তথ্য অনুযায়ী, ২০০৯ সালের মাঝামাঝি সময়ে তিনি লাহোরে সংগঠনটির অর্থ বিভাগের দায়িত্বে থাকা দুই কর্মকর্তার একজন ছিলেন।

