সাংবাদিক আলিফ হত্যাকাণ্ডে এইচআরএসএসের গভীর উদ্বেগ, বিচার দাবি

ছবি: সংগৃহীত
প্রান্তডেস্ক:নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)। একই সঙ্গে এ নৃশংস হত্যাকাণ্ডের সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্ত, জড়িত সব অপরাধীকে আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করার দাবি জানাচ্ছে সংগঠনটি।
সাংবিধানিক অধিকার ও আন্তর্জাতিক মানবাধিকার আইনের লঙ্ঘন
বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ৩২ অনুযায়ী, আইনানুযায়ী ব্যতীত কোনো ব্যক্তিকে জীবন ও ব্যক্তিস্বাধীনতা থেকে বঞ্চিত করা যাবে না। একইভাবে অনুচ্ছেদ ৩৯(২) নাগরিকের বাক্ ও ভাবপ্রকাশের স্বাধীনতা এবং সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করেছে। সাংবাদিকের পেশাগত কাজের কারণে তাঁকে লক্ষ্যবস্তু করা হয়ে থাকলে, তা এসব সাংবিধানিক অধিকারের বাস্তব চর্চার জন্য গুরুতর হুমকি।
জাতিসংঘের সর্বজনীন মানবাধিকার ঘোষণা (UDHR)-এর অনুচ্ছেদ ৩ প্রত্যেক মানুষের জীবন, স্বাধীনতা ও ব্যক্তিগত নিরাপত্তার অধিকার স্বীকার করে। অনুচ্ছেদ ৮ মৌলিক অধিকার লঙ্ঘিত হলে কার্যকর প্রতিকারের অধিকার নিশ্চিত করে এবং অনুচ্ছেদ ১৯ মতামত পোষণ, তথ্য অনুসন্ধান, গ্রহণ ও প্রচারের স্বাধীনতা স্বীকৃতি দেয়।
এ ছাড়া বাংলাদেশ International Covenant on Civil and Political Rights (ICCPR)-এর রাষ্ট্রপক্ষ। এ চুক্তির অনুচ্ছেদ ৬ জীবনের সহজাত অধিকার সুরক্ষার বাধ্যবাধকতা নির্ধারণ করে এবং অনুচ্ছেদ ১৯ মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করে। জাতিসংঘের মানবাধিকার কমিটির সাধারণ মন্তব্য নং ৩৪-এ সাংবাদিকদের ওপর হুমকি, ভয়ভীতি, হামলা ও হত্যাকাণ্ডের কার্যকর ও সময়োপযোগী তদন্ত এবং দায়ীদের বিচারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
এইচআরএসএসের দাবিসমূহ
১. সাংবাদিক লুৎফুজ্জামান হত্যাকাণ্ডের দ্রুত, নিরপেক্ষ ও পেশাদার তদন্ত নিশ্চিত করতে হবে এবং হত্যার উদ্দেশ্য, পরিকল্পনা ও সম্ভাব্য নির্দেশদাতা বা পৃষ্ঠপোষকদের শনাক্ত করতে হবে।
২. নিহত সাংবাদিকের পরিবারকে প্রয়োজনীয় নিরাপত্তা, আইনি সহায়তা, মানসিক সহায়তা এবং প্রযোজ্য আইন ও নীতিমালা অনুযায়ী ক্ষতিপূরণ ও অন্যান্য সহায়তা দিতে হবে।
৩. সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের ওপর হামলা, হুমকি ও হয়রানির অভিযোগ গুরুত্বের সঙ্গে গ্রহণ করে দ্রুত ঝুঁকি মূল্যায়ন এবং প্রয়োজনীয় সুরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।
এইচআরএসএস মনে করে, স্বাধীন সাংবাদিকতা কোনো বিশেষ গোষ্ঠীর সুবিধা নয়; এটি জনগণের জানার অধিকার, দুর্নীতি ও অপরাধ উন্মোচন এবং রাষ্ট্রীয় ও সামাজিক জবাবদিহি প্রতিষ্ঠার অন্যতম ভিত্তি। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থতা অপরাধীদের উৎসাহিত করতে পারে এবং জনস্বার্থে সত্য প্রকাশের পরিবেশকে সংকুচিত করে।

