‘দ্য অরেঞ্জ প্লেগ’:: ট্রাম্পের নগ্ন মূর্তি ইউরোপীয় পার্লামেন্টে, তোলপাড়
প্রান্তডেস্ক:ফ্রান্সের স্ট্রাসবার্গে অবস্থিত ইউরোপীয় পার্লামেন্ট ভবন। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সম্পূর্ণ নগ্ন ও ব্যঙ্গাত্মক এক সোনালি ভাস্কর্য প্রদর্শন করা হয়েছে। ‘দ্য অরেঞ্জ প্লেগ’ (কমলা মহামারি) বা ‘কিং অব ইনজাস্টিস’ (অন্যায় ও অবিচারের রাজা) শিরোনামের এই ভাস্কর্যটি তৈরি করেছেন প্রখ্যাত ডেনিশ ভাস্কর জেনস গ্যালশিয়ট। আড়াই মিটারেরও বেশি উঁচু ভাস্কর্যটিতে ট্রাম্পকে নগ্নাবস্থায় এক দুর্বল ও শীর্ণকায় মানুষের পিঠের ওপর চেপে বসে থাকতে দেখা যায়। ২৩ ক্যারেটের খাঁটি সোনার প্রলেপ দেয়া এই শিল্পকর্মটি প্রকাশ্যে আসার পরই ইউরোপের রাজনীতিতে ব্যাপক আলোচনা ও তোলপাড় শুরু হয়েছে। এ খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা ইউরোনিউজ।
ভাস্কর্যটিতে দেখা যায়, নগ্ন ট্রাম্পের এক হাতে রয়েছে বড় আকারের একটি গলফ ক্লাব এবং অন্য হাতে একটি দাঁড়িপাল্লা। তার নিচে পিষ্ট হওয়া মানুষটির নিচে একটি ফলক লাগানো রয়েছে, যাতে লেখা, ‘আমি এক ব্যক্তির পিঠের ওপর চেপে বসে আছি। সে আমার ভারে ডুবে যাচ্ছে। তাকে সাহায্য করার জন্য আমি সবকিছুই করব- কেবল তার পিঠ থেকে নেমে যাওয়া ছাড়া।’
ভাস্কর গ্যালশিয়টের মতে, বিখ্যাত লেখক হ্যান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসনের কালজয়ী রূপকথা ‘দ্য এম্পেররস নিউ ক্লোথস’ (সম্রাটের নতুন পোশাক) থেকে অনুপ্রাণিত হয়ে এটি তৈরি করা হয়েছে। এটি মূলত জলবায়ু ও পররাষ্ট্রনীতিতে ট্রাম্পের আগ্রাসী অবস্থানের বিরুদ্ধে এক ধরনের তীব্র ব্যঙ্গাত্মক প্রতিবাদ। ভাস্কর বলেন, ‘শুল্ক আরোপ, তহবিল কাটছাঁট কিংবা নিষেধাজ্ঞার ভয়ে বিশ্বের বহু দেশ ও আন্তর্জাতিক সংস্থা ট্রাম্পের নীতিগুলোর সরাসরি সমালোচনা করতে ভয় পায়। কিন্তু একজন স্বাধীন শিল্পী হিসেবে আমি জলবায়ু বিপর্যয় মোকাবিলায় যুক্তরাষ্ট্রের ধ্বংসাত্মক ভূমিকা নিয়ে আলোচনা উসকে দিতে এই শিল্পকর্ম তৈরি করেছি।’

