প্রান্তডেস্ক:ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বোরহান উদ্দিন (৭৫) নামের এক কয়েদি অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে হাসপাতালের মেডিসিন বিভাগের ৭০১ নম্বর ওয়ার্ডে তার মৃত্যু হয়।
কারারক্ষী সুজন আহমেদ জানিয়েছেন, ৭৫ বছর বয়সি বোরহান উদ্দিনের কয়েদি নম্বর ২৯১১/এ। তার বাবার নাম মনসুর আলী, বাড়ি কিশোরগঞ্জ জেলার কোতোয়ালী থানার কাটিয়ারচর এলাকায়। তবে তিনি কোন মামলায় কারাবন্দি ছিলেন, সে বিষয়ে কারা কর্তৃপক্ষ কিছু জানায়নি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানিয়েছেন, বৃহস্পতিবার রাত সোয়া ১২টার দিকে বোরহান কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি।
পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে তাকে দ্রুত ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মেডিসিন বিভাগের ৭০১ নম্বর ওয়ার্ডে ভর্তি দেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল ৮টার দিকে তার মৃত্যু হয়।
পরিদর্শক হাবিবুর রহমান বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি কারা কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানিয়েছেন পুলিশের এই সদস্য।