ধর্ম, অধর্ম ও মানবতার প্রশ্ন নিয়ে আসছে ‘কালযাত্রা’

প্রান্তডেস্ক:নাট্যদল থিয়েটার চারণিকের নতুন নাট্যপ্রযোজনা ‘কালযাত্রা’র উদ্বোধনী প্রদর্শনীসহ দুটি প্রদর্শনী আগামী ১৬ ও ১৭ সেপ্টেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটারে মঞ্চস্থ হতে যাচ্ছে।
বিশিষ্ট নাট্যকার মাহফুজা হিলালীর রচনায় নির্মিত এ নাটকটি একজন নারী যাত্রাশিল্পীর জীবন, শিল্পীর সামাজিক অবস্থান, ধর্মীয় ও সামাজিক নিষেধ এবং মানবিক মর্যাদার প্রশ্নকে কেন্দ্র করে নির্মিত।
নাটকের কেন্দ্রে রয়েছেন একসময়ের যাত্রাশিল্পী প্রিন্সেস মহিমা। মৃত্যুর পর তাঁর শেষ ইচ্ছা অনুযায়ী জানাজা সম্পন্ন করতে গিয়ে মেয়ে কুমকুম মুখোমুখি হয় নানা সামাজিক ও ধর্মীয় বাধার। মায়ের স্মৃতি, যাত্রার মঞ্চ এবং বর্তমান বাস্তবতা মিলেমিশে তৈরি করে এক প্রতীকী ‘কালযাত্রা’।
‘কালযাত্রা’ দর্শকের সামনে প্রশ্ন রাখে—কোনটি ধর্ম, কোনটি অধর্ম, আর কোনটি মানবতা?
নাটকটিতে মঞ্চে অভিনয় করছেন সাফিয়া খন্দকার রেখা। নাটকটির মঞ্চ, আলো, পোশাক, আবহসংগীত, কোরিওগ্রাফি ও নির্দেশনায় রয়েছেন শামীম সাগর।
থিয়েটার চারণিকের নতুন এই নাট্যপ্রযোজনার মধ্য দিয়ে নারী যাত্রাশিল্পীর জীবন, তাঁর শিল্পীসত্তা ও সামাজিক বাস্তবতার পাশাপাশি ধর্মীয় ও সামাজিক বাধার মুখে মানবিক মর্যাদার প্রশ্নটি দর্শকের সামনে তুলে ধরা হবে।

