বাড়ছে পদ্মার পানি: বন্দি ৫০ হাজার মানুষ, বন্ধ অনেক শিক্ষাপ্রতিষ্ঠান

প্রান্তডেস্ক:পদ্মা নদীর পানি বেড়ে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সীমান্তবর্তী কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। এতে এসব গ্রামের প্রায় ৫০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।
পদ্মার পানি বৃদ্ধির সঙ্গে তীব্র স্রোতের খবরও পাওয়া যাচ্ছে। পাশের জেলা পাবনা-রাজবাড়ী নৌপথে পদ্মার প্রবল স্রোতের কারণে ফেরি চলাচলেও বিঘ্ন ঘটেছে। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, কয়েকদিন ধরে পদ্মায় প্রতিদিনই পানি বাড়ছে।
স্থানীয় বাসিন্দা মোজাম বলেন, ‘আমাদের এলাকায় প্রতিবছরই পানির ভয় থাকে। এবার পানি যেভাবে বাড়ছে, তাতে নদীভাঙনের আশঙ্কাও করছি। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া দরকার।’
উজান থেকে নেমে আসা ঢলের পানিতে গত দুই-তিন দিনে ১৯টি গ্রামের মধ্যে ১৭টির নিম্নাঞ্চলের ঘর বাড়িতে পানির উঠে গেছে বলে জানিয়েছেন চিলমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মান্নান। তার দাবি, এতে তার ইউনিয়নে প্রায় ৩০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। স্কুলগুলোতে পাঠদান বন্ধ রাখা হয়েছে বলে জানান চেয়ারম্যান।
রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজ মণ্ডল বলেন, আমার ইউনিয়নের প্রতিটি গ্রামের চারপাশে এখন পানি। সড়কগুলো ডুবে যাওয়ায় স্বাভাবিক চলাচল বন্ধ হয়ে গেছে। অনেক বাড়ির ভেতরে পানি না ঢুকলেও ভিটা পর্যন্ত পানি উঠে এসেছে।

