‘পথের দাবী’র শতবর্ষে ফিরছে দ্রোহের ইতিহাস
ছবি : সংগৃহীত
প্রান্তডেস্ক:সৃজিত মুখার্জির নতুন সিনেমা ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’-র টিজার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর)। সিনেমাটিতে কালজয়ী কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করে চমকে দিয়েছেন টোটা রায়চৌধুরী। টিজারে সাহিত্য, রাজনীতি এবং ব্রিটিশবিরোধী আন্দোলনের এক উত্তাল সময়ের ঝলক দেখা গেছে।
সিনেমাটি নিয়ে পরিচালক সৃজিত মুখার্জি বলেন, ‘এটি এমন এক চিরন্তন গল্প, যেখানে আন্ডারডগ হলো কলম আর তার প্রতিপক্ষ হলো অত্যাচারী তলোয়ার। বাস্তব ও সাহিত্যের মেলবন্ধনে ব্রিটিশদের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রামের সেই উত্তাল সময়ের কথাই বলবে এই সিনেমা।’
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নিষিদ্ধ উপন্যাস ‘পথের দাবী’-র শতবর্ষের প্রাক্কালে সিনেমাটি নির্মাণ করা হয়েছে। টিজারে টোটা রায়চৌধুরীর রূপান্তর সবার নজর কেড়েছে। তাকে দেখা গেছে পাক ধরা চুল ও ভাঙা চোয়ালের গম্ভীর এক অবয়বে। অন্যদিকে অভিনেতা আবির চট্টোপাধ্যায়কে দেখা গেছে বিপ্লবী ‘সব্যসাচী’র চরিত্রে। গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন মিমি চক্রবর্তীও।
তারকাবহুল এই সিনেমায় আরও অভিনয় করেছেন দিব্যাণী মণ্ডল, ঋক চট্টোপাধ্যায়, দেবপ্রিয় মুখোপাধ্যায়, সঞ্জয় নাগ, কৌশানী মুখোপাধ্যায় ও কাঞ্চন মল্লিক। এ সিনেমার মাধ্যমে পরিচালক সৃজিত মুখার্জি প্রথমবারের মতো সংগীত পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করছেন। আবহ সংগীতের দায়িত্বে রয়েছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। ঐতিহাসিক চরিত্রগুলোকে পর্দায় নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছেন মেকআপ আর্টিস্ট সোমনাথ কুণ্ডু।
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ছাড়াও এই সিনেমায় রবীন্দ্রনাথ ঠাকুর ও দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের মতো ঐতিহাসিক ব্যক্তিত্বদের দেখা যাবে। আগামী দুর্গাপূজায় সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।


