অপহরণের পর সিলেটে ফেলে যাওয়া হলো অষ্টম শ্রেণির ছাত্রকে

প্রান্তডেস্ক:হবিগঞ্জের মাধবপুরে অপহরণকারীদের কবল থেকে মুক্ত হয়েছে সৈয়দ সাদাফ নামে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্র। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে সিলেটের জাফলং সড়কের শাহপরাণ এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করা হয়। সে উপজেলার নোয়াপাড়া এলাকার সৈয়দ সঈদ উদ্দিন হাই স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী।
ছাত্রটির বাবা সৈয়দ শাহীন জানান, ছেলের দেওয়া তথ্য অনুযায়ী গত বৃহস্পতিবার সন্ধ্যা আনুমানিক ৮টার দিকে নোয়াপাড়া সিনেমা হলের কাছ থেকে ৩-৪ জন ব্যক্তি তার মাথায় আঘাত করে জোরপূর্বক একটি হাইএস গাড়িতে তুলে নেয়। এরপর রাতের শেষভাগে সিলেটের শাহপরাণ এলাকায় তাকে গাড়ি থেকে ফেলে রেখে চলে যায় অপহরণকারীরা। গাড়িটির ভেতরে থাকা ব্যক্তিরা নিজেদের মধ্যে হিন্দি ভাষায় কথা বলছিল বলে জানায় সাদাফ।
তিনি আরও জানান, রাতভর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর শুক্রবার সকালে স্থানীয় লোকজন ও এক সিএনজি অটোরিকশা চালকের সহযোগিতায় তাকে পাওয়া যায়। বর্তমানে শারীরিক আঘাত ও ট্রমার কারণে সাদাফের চিকিৎসা চলছে। সৈয়দ শাহীন স্থানীয় সায়হাম শিল্পকারখানায় চাকরি করেন এবং পরিবার নিয়ে নোয়াপাড়ায় ভাড়া বাসায় থাকেন।
ভুক্তভোগী পরিবারের ধারণা, কোনো সংঘবদ্ধ চক্র তাকে ভারতে পাচারের উদ্দেশ্যে অনুসরণ করে অপহরণ করেছিল। তবে কী কারণে তাকে শাহপরাণ এলাকায় ফেলে রেখে চলে গেল, তা নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার মূল রহস্য উদঘাটন ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোর দাবি জানিয়েছে সাদাফের পরিবার।

