সরাইল থানায় রুমিন ফারহানা ও ওসির বাগ্বিতণ্ডা, পুলিশের জিডি
প্রান্তডেস্ক:ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য (এমপি) রুমিন ফারহানা ও সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের ভূঁইয়ার মধ্যে উত্তপ্ত বাগ্বিতণ্ডার ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছে পুলিশ। পাশাপাশি ঘটনার সময় সংসদ সদস্যের সঙ্গে থানায় উপস্থিত ব্যক্তিদের তালিকাও প্রস্তুত করা হচ্ছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে সরাইল থানায় এই জিডি করা হলেও শুক্রবার সন্ধ্যার পর বিষয়টি জনসমক্ষে আসে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সরাইল থানার ওসি মঞ্জুর কাদের ভূঁইয়া জানান, সেদিন থানায় যারা প্রবেশ করেছিলেন, তাদের তালিকা তৈরি করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হচ্ছে। নির্দেশনামোতাবেক পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সংসদ সদস্যের কর্মী-সমর্থকদের অভিযোগ, বেশ কিছুদিন ধরেই ওসির সঙ্গে রুমিন ফারহানার প্রশাসনিক ও ব্যক্তিগত যোগাযোগে দূরত্ব তৈরি হয়েছিল। একাধিকবার ফোন করলেও ওসি তা ধরেননি এবং সংসদ সদস্যের জন্য প্রয়োজনীয় নিরাপত্তার বিষয়েও কোনো সাড়া দেননি। এই প্রেক্ষাপটে গত বৃহস্পতিবার সন্ধ্যায় নেতা-কর্মীদের নিয়ে সরাইল থানায় ওসির কার্যালয়ে যান রুমিন ফারহানা। সেখানে দুপক্ষের মধ্যে তীব্র বাগ্বিতণ্ডা সৃষ্টি হয়, যার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ঘটনার ব্যাখ্যায় রুমিন ফারহানা বলেন, ওসির বিরুদ্ধে নানা অনিয়মের সুনির্দিষ্ট দুই পাতার অভিযোগ নিয়ে তিনি কথা বলতে গিয়েছিলেন। কিন্তু ওসি কোনো সদুত্তর দিতে পারেননি। অন্যদিকে সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী জাকির হোসেন জানান, ওসির এ ধরনের আচরণের বিষয়ে পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছে শিগগিরই লিখিত অভিযোগ দায়ের করা হবে।


