দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

প্রান্তডেস্ক:বিনা দরপত্রে ১৮টি সরকারি বাড়ি বিক্রির মাধ্যমে প্রায় ১২৭ কোটি ৬৪ লাখ টাকা দুর্নীতির অভিযোগে করা ১৫টি মামলার সব কটিতে খালাস পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক মুহাম্মদ কামরুল হাসান খান এই খালাসের রায় দেন।
মামলার বিবরণ সূত্রে জানা যায়, ২০০৭ সালে ১/১১-এর তত্ত্বাবধায়ক সরকারের সময় তৎকালীন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী মির্জা আব্বাসসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) মতিঝিল থানায় মামলাগুলো দায়ের করে। মামলায় অভিযোগ করা হয়েছিল, চারদলীয় জোট সরকারের আমলে গুলশান ও ধানমন্ডিসহ বিভিন্ন এলাকার ১৮টি সরকারি পরিত্যক্ত বাড়ি রাজউকের সাজানো দরপত্রের মাধ্যমে পছন্দের ব্যক্তিদের কম দামে পাইয়ে দেওয়া হয়েছে, যা সরকারের ১২৭ কোটি ৬৪ লাখ ১৯ হাজার ৫৯ টাকার আর্থিক ক্ষতিসাধন করেছে।
পরবর্তীতে তদন্ত শেষে মির্জা আব্বাসসহ মোট ২১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সব মামলায় অপরাধ প্রমাণিত না হওয়ায় আদালত আসামিদের খালাস প্রদান করেন।

