যুক্তরাজ্যে বাংলাদেশের নতুন হাইকমিশনার আব্দুল মুহিত
প্রকাশিত হয়েছে : ২৫ আগস্ট, ২০২৬ ১:১৩ অপরাহ্ণ | সংবাদটি ১৫ বার পঠিত

মোহাম্মদ আব্দুল মুহিত (ফাইল ফটো)
প্রান্তডেস্ক:যুক্তরাজ্যে বাংলাদেশের নতুন হাইকমিশনার পদে নিয়োগ পেয়েছেন নিউইয়র্কে জাতিসংঘের সাবেক স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ আব্দুল মুহিত। তাঁকে দুই বছরের চুক্তিতে লন্ডনে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়।
সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। ফরেন সার্ভিস একাডেমির রেক্টর হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন সাবেক এই কূটনীতিক।
প্রজ্ঞাপনে আব্দুল মুহিতকে গ্রেড-১ মর্যাদায় নিয়োগ দেওয়া হয়েছে। এতে বলা হয়, আব্দুল মুহিতের ভোগ না করা অবসরোত্তর ছুটি ও এ-সংক্রান্ত সুবিধা স্থগিত এবং অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি–আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে তাঁকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে এই নিয়োগ কার্যকর হবে। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দিয়ে নির্ধারণ করা হবে।
আব্দুল মুহিত বিসিএস পররাষ্ট্র ক্যাডারে ১১তম ব্যাচের কর্মকর্তা। এর আগে তিনি অস্ট্রিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূতসহ জাতিসংঘ ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব পালন করেছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন পদে কাজ করেছেন তিনি। বাংলাদেশের যুক্তরাষ্ট্র, ইতালি, কাতার ও কুয়েত মিশনেও কাজ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করা আব্দুল মুহিত।

