প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্ব পালন করবেন মুক্তাদির
প্রান্তডেস্ক:ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যক্রম পরিচালনার জন্য মন্ত্রীদের মধ্যে দায়িত্ব বণ্টন করেছে সরকার। সংশ্লিষ্ট মন্ত্রী অনুপস্থিত থাকলে তার বিকল্প হিসেবে কে দায়িত্ব পালন করবেন, তাও নির্ধারণ করা হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।
মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নির্ধারিত মন্ত্রীরা সংসদে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কার্যক্রম পরিচালনা করবেন।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সংসদীয় দায়িত্ব পালন করবেন আন্দালিব রহমান। তিনি অনুপস্থিত থাকলে দায়িত্ব পালন করবেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে এম রশিদউজ্জামান মিল্লাতকে। তার অনুপস্থিতিতে দায়িত্ব পালন করবেন ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় কার্যক্রম পরিচালনা করবেন সাচিং প্রু। তিনি অনুপস্থিত থাকলে একই দায়িত্ব পালন করবেন মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।প্রজ্ঞাপনে বলা হয়েছে, এ বিষয়ে আগে জারি করা প্রজ্ঞাপনগুলোর অন্যান্য সিদ্ধান্ত অপরিবর্তিত থাকবে। নতুন আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এর আগে ২১ আগস্ট মন্ত্রিসভার নতুন ছয় সদস্য শপথ নেন। পরে তাদের মধ্যে দপ্তর বণ্টন এবং একজন পুরোনো মন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন করা হয়।

