নিজ প্রতিষ্ঠান থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার
প্রান্তডেস্ক:বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের মাদ্রাসা বাজারে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে সিরাজুল ইসলাম নামে এক ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১৪ আগস্ট) বিকাল ৪টার দিকে বালাগঞ্জ থানার ওসি (তদন্ত) ফয়েজ আহমেদের নেতৃত্বে পুলিশ লাশ উদ্ধার করেছে।
স্থানীয় মাদ্রাসা বাজারের ব্যবসায়ী মেসার্স প্রিয়া ট্রেডার্সের প্রোপ্রাইটর সিরাজুল ইসলাম (৬০) দুপুর ২টার দিকে নিজ ব্যবসা প্রতিষ্ঠানের ভিতরে সিলিংয়ের রডের সাথে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা তাদের। নিহতের পরিবারবর্গ এবং থানা পুলিশের কর্মকর্তা জানিয়েছেন, বাদ জুম’আ স্থানীয় পথচারীরা সিরাজুল ইসলামের ঝুলন্ত লাশ দেখতে পান। ধারণা করা হচ্ছে জুম’আর নামাজের আগে পরে কোন এক সময় সিরাজুল ইসলাম আত্মহত্যা করেছেন।
সংবাদ পেয়ে বিকাল ৪টার দিকে বালাগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধার করে। ১ ছেলে ও ১ মেয়ে সন্তানের জনক সিরাজুল ইসলাম স্থানীয় সিরাজপুর গ্রামের মৃত কলমদর আলীর ছেলে। তিনি বর্তমানে দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর বাজারে ভাড়া বাসায় স্ত্রী-সন্তানসহ বসবাস করেন।

