৬ আগস্ট থেকে সবার জন্য খুলে দেওয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর
প্রান্তডেস্ক:জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনের পর প্রধানমন্ত্রী পুরো জাদুঘরটি ঘুরে দেখবেন। পরদিন ৬ আগস্ট, বৃহস্পতিবার থেকে এটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।
সংস্কৃতিমন্ত্রী বলেন, জুলাই জাদুঘর নির্মাণ বা ব্যবস্থাপনা নিয়ে কোনো সুনির্দিষ্ট অনিয়মের অভিযোগ পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হবে।
এ সময় উপস্থিত সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম জানান, প্রধানমন্ত্রী সকাল ৯টায় জুলাই স্মৃতি জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানীসহ সারা দেশে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। জাদুঘর উদ্বোধন উপলক্ষে বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে একটি বর্ণাঢ্য কনসার্টের আয়োজন রাখা হয়েছে।
তিনি আরও বলেন, সময়ের সঙ্গে সঙ্গে এই জাদুঘরকে আরও সমৃদ্ধ ও পরিপূর্ণ করা হবে।
জাদুঘরের প্রবেশাধিকার নিয়ে সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ড. জাহেদ উর রহমান জানান, উদ্বোধনের প্রথম দিন অর্থাৎ বুধবার জাদুঘরটি শুধু শহীদ পরিবারের সদস্যদের পরিদর্শনের জন্য উন্মুক্ত থাকবে। পরদিন থেকে সাধারণ দর্শনার্থীরা নির্ধারিত টিকেট কেটে ভেতরে প্রবেশ করতে পারবেন।
তিনি জানান, জাদুঘরে প্রবেশের জন্য প্রাপ্তবয়স্কদের প্রবেশমূল্য ৫০ টাকা এবং শিশুদের জন্য ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
সংস্কৃতি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, উদ্বোধনী অনুষ্ঠানে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের প্রতিনিধি, কূটনীতিক, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, সংস্কৃতিজন, রাজনৈতিক ব্যক্তিত্ব, জুলাই যোদ্ধা, শহীদ পরিবারের সদস্য, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান, সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এবং প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি, তথ্য ও সম্প্রচার এবং সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের।
অনুষ্ঠানের শেষ পর্বে জাদুঘরের মহাপরিচালক অতিথি, গণমাধ্যমকর্মী ও সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাবেন।

