এনসিপির মামলায় জামিন পেলেন হবিগঞ্জ জেলা ছাত্রদল সভাপতিসহ ১১ নেতা
-6a6f138e855a6.jpg)
ফাইল ছবি
প্রান্তডেস্ক:হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দায়ের করা মামলায় জামিন পেয়েছেন জেলা ছাত্রদল সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগনসহ ১১ নেতা।
রোববার (২ আগস্ট) হবিগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল মান্নান তাদের জামিন মঞ্জুর করেন। এর আগে তারা আদালতে হাজির হয়ে জমিন আবেদন করেন।
বিষয়টি নিশ্চিত করে আসামিপক্ষের আইনজীবী কুতুব উদ্দিন জুয়েল বলেন, মামলায় ঘটনার সময়, তারিখ ও স্থান উল্লেখ নেই। আসামিদের বিরুদ্ধেও কোনো সুনির্দিষ্ট অভিযোগের উল্লেখ নেই। বিষয়টি বিবেচনায় নিয়ে বিচারক তাদের জামিন আবেদন মঞ্জুর করেছেন।
জেলা ছাত্রদল সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন বলেন, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। তাই আমরা আইনি প্রক্রিয়া অনুসরণ করে আদালতে জামিন আবেদন করেছিলাম। আদালত শুনানি শেষে আমাদের জামিন আবেদন মঞ্জুর করেছেন।
উল্লেখ্য, মঙ্গলবার দিনব্যাপী হবিগঞ্জের আজমিরীগঞ্জ ও জেলা শহরে এনসিপির কর্মসূচি ছিল। এতে এনসিপির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান, জাতীয় সংসদের হুইপ জি কে গউছ এমপিসহ কেন্দ্রীয় নেতাদের কটাক্ষ করে বক্তব্য দেন। সন্ধ্যায় জেলা শহরের সমাবেশ শেষ করে নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলম সার্কিট হাউজের উদ্দেশে রওয়ানা হন। পথে কোর্ট মসজিদের সামনে পৌঁছলে তাদের গাড়িবহরে একদল যুবক হামলা করে। এ সময় গাড়িতে ব্যাপক ভাঙচুর করা হয়। একপর্যায়ে সারজিস আলমসহ নেতাকর্মীরা সোনালী ব্যাংকের একটি শাখায় গিয়ে আশ্রয় নেন। তখন দুপক্ষের মধ্যে ধাওয়া পালটা ধাওয়া হয়। এতে অন্তত ২০ জন আহত হন।
এ ঘটনায় বুধবার রাতে এনসিপির ছাত্র সংগঠন জেলা ছাত্রশক্তির আহ্বায়ক তন্ময় তাহের রুবেল বাদী হয়ে জেলা ছাত্রদল সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১০০ জনের বিরুদ্ধে সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

