ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত ৫ হাজার, এখনো নিখোঁজ ৫০ হাজার

প্রান্তডেস্ক:ভেনেজুয়েলায় গত জুনে আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ৪ হাজার ৯৩০ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করা হয়েছে। তবে এখনো প্রায় ৫০ হাজার মানুষ নিখোঁজ রয়েছেন বলে আশঙ্কা করছে জাতিসংঘ।
ভূমিকম্পে বাস্তুচ্যুত সিনথিয়া পুলিদো আল জাজিরাকে বলেন, ভূমিকম্পের পরপরই সাধারণ মানুষ ও স্বেচ্ছাসেবকেরা উদ্ধারকাজ শুরু করেছিলেন। কিন্তু সরকারের কার্যকর উপস্থিতি অনেক পরে দেখা গেছে। তারা এখনো পর্যাপ্ত সহায়তার অপেক্ষায় রয়েছেন।
এদিকে বিভিন্ন দেশ থেকে আসা আন্তর্জাতিক উদ্ধারকারী দলগুলো ইতোমধ্যে নিজ নিজ দেশে ফিরে গেছে। এখন ক্ষতিগ্রস্ত মানুষের কাছে মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
বাস্তুচ্যুত লুইসমারেজ পায়েজ বলেন, যে সামান্য সহায়তা পাওয়া যাচ্ছে, তা দিয়েই কোনোমতে নিজের জীবন চালাচ্ছেন, সন্তানদের দেখাশোনা করছেন এবং মাকেও সহায়তা করছেন।
তিনি জানান, তার মা অন্য কোনো সহায়তা পাচ্ছেন না। তাই নিজের সামর্থ্য অনুযায়ী তিনিই মায়ের দেখাশোনা করছেন।
বিশেষজ্ঞদের মতে, ২০১৫ সাল থেকে যুক্তরাষ্ট্রের আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞার কারণে ভেনেজুয়েলার জন্য দুর্যোগ মোকাবিলা আরও কঠিন হয়ে পড়েছে।
সেন্টার ফর ইকোনমিক অ্যান্ড পলিসি রিসার্চের জ্যেষ্ঠ অর্থনীতিবিদ মার্ক ওয়েইসব্রট বলেন, ভেনেজুয়েলার গুরুত্বপূর্ণ আর্থিক সম্পদ ব্যবহারেও বাধা দেওয়া হচ্ছে।
তার দাবি, যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন দেশে ভেনেজুয়েলার প্রায় ১১ বিলিয়ন ডলারের সম্পদ আটকে রাখা হয়েছে, যা আইনগতভাবে দেশটির প্রাপ্য।
এদিকে চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের ১৪ জন ডেমোক্র্যাট আইনপ্রণেতা হোয়াইট হাউসের কাছে পাঠানো এক চিঠিতে ভেনেজুয়েলার ওপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল করার আহ্বান জানিয়েছেন।
তাদের মতে, বর্তমান নিষেধাজ্ঞার কারণে জরুরি ত্রাণ কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং দেশটির পুনরুদ্ধার ও পুনর্গঠনের প্রচেষ্টা দুর্বল হয়ে পড়ছে।
জাতিসংঘের হিসাব অনুযায়ী, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভেনেজুয়েলাকে পুনর্গঠনে প্রায় ৩৭ বিলিয়ন মার্কিন ডলার ব্যয় হতে পারে।
সূত্র: আল জাজিরা

