নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

প্রান্তডেস্ক:বরগুনার পাথরঘাটা উপজেলায় নদীভাঙন, জলোচ্ছ্বাস ও ঘনঘন প্রাকৃতিক দুর্যোগের ক্ষতি থেকে রক্ষা পেতে স্থায়ী সমাধানের দাবিতে টেকসই বেরিবাঁধ নির্মাণের আহ্বান জানিয়ে মানববন্ধন করা হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) সকাল ১০টায় ধরিত্রী রক্ষায় আমরা (ধরআ), পাথরঘাটা উপকূল সুরক্ষা আন্দোলন এবং সুন্দরবন জনতা কাবের উদ্যোগে উপজেলার সদর ইউনিয়নের পাঁচচুঙ্গা এলাকায় ভাঙা বেরিবাঁধের ওপর দাঁড়িয়ে কয়েক শতাধিক মানুষ এ কর্মসূচিতে অংশ নেন।
ভুক্তভোগীরা আরও জানান, সিডরের পর থেকে অব্যাহত নদীভাঙনে কয়েক হাজার মানুষ ভূমিহীন হয়ে পড়েছেন। অনেক পরিবার এখনো ভাঙা বেরিবাঁধের ওপর পলিথিন টাঙিয়ে মানবেতর জীবনযাপন করছেন। নিরাপদ আশ্রয় ও জীবিকার অভাবে তাদের জীবন হয়ে উঠেছে অনিশ্চয়তায় ভরা।
মানববন্ধনে উপস্থিত স্থানীয়রা আশঙ্কা প্রকাশ করে বলেন, দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে ভবিষ্যতে আরও হাজারো পরিবার বাস্তুচ্যুত হতে পারে। দেশের সর্ব দক্ষিণাঞ্চলের এ ভাঙনপ্রবণ এলাকা রক্ষায় এখনই দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও টেকসই অবকাঠামো নির্মাণ জরুরি।
মানববন্ধনে উপস্থিত ছিলেন পাথরঘাটা সদর ইউনিয়ন পরিষদ (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান সগির আলম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান সাহেদ, পাথরঘাটা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি মো. মাহাবুর রহমান সুমন মোল্লা, সমাজসেবক নজরুল ইসলাম ফারুক, ওই এলাকার কয়েকজন ইউপি সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতাকর্মী, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
এসময় ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান ছবির আলম বলেন, আমরা যে বেরিবাঁধের ওপর দাঁড়িয়ে আছি, সেটি যেকোনো মুহূর্তে ভেঙে যেতে পারে। এ ইউনিয়নের চার থেকে পাঁচটি পয়েন্ট অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে, যা স্থানীয় মানুষের জন্য বড় ধরনের হুমকি তৈরি করছে।
মাহাবুর রহমান সুমন মোল্লা বলেন, আমরা টেকসই বেরিবাঁধ চাই। শুধুমাত্র মাটি বা বালুর বস্তা দিয়ে সাময়িক সমাধান নয়, এখানে ব্লক বসিয়ে স্থায়ী ব্যবস্থা নিতে হবে। নতুবা তিন কিলোমিটার এ বেরিবাঁধ হয়তো আর ১৫ দিনের মধ্যেই বিলীন হয়ে যাবে।
বদিউজ্জামান সাহেদ বলেন, আমরা যে স্থানে দাঁড়িয়ে আছি, এটি বিষখালী, বলেশ্বর ও বঙ্গোপসাগরের মোহনা, অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি এলাকা। এখানকার মানুষ যুগের পর যুগ আতঙ্ক নিয়ে বসবাস করছেন। জোয়ারের ঢেউ কখন বেরিবাঁধ ভেঙে বসতভিটা ডুবিয়ে দেবে, সেই শঙ্কায় দিন-রাত কাটে তাদের।
তিনি আরও বলেন, দীর্ঘদিনের এ সংকটের কোনো স্থায়ী সমাধান না হওয়ায় মানুষ প্রায় আশা হারিয়ে ফেলেছিল। তবে এখন নতুন করে আশার আলো দেখা যাচ্ছে। পাথরঘাটার কৃতি সন্তান বরগুনা-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি, তার আন্তরিক উদ্যোগে এ সমস্যার স্থায়ী সমাধান সম্ভব।
মানববন্ধন থেকে এলাকাবাসী দ্রুত টেকসই ও স্থায়ী বেরিবাঁধ নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপরে জরুরি হস্তক্ষেপ কামনা করেন। প্রতিবার দুর্যোগের পর সাময়িক ত্রাণ নয়, নিরাপদ ও স্থায়ী বসবাসের নিশ্চয়তা চান তারা।

