৩ বাহিনীর বঞ্চিত কর্মকর্তাদের আবেদন পর্যালোচনা ও সুপারিশে ৭ সদস্যের কমিটি

প্রান্তডেস্ক: ২০০৯ থেকে ২০২৪ সালের ৪ আগস্ট পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীতে চাকরিকালে বঞ্চনা, অবিচার ও প্রতিহিংসার শিকার হয়ে অবসরপ্রাপ্ত, অপসারণকৃত, অব্যাহতিপ্রাপ্ত ও বরখাস্ত (চাকরিচ্যুত) কর্মকর্তাদের আবেদন পর্যালোচনা ও সুপারিশ প্রদানে ৭ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
এতে বলা হয়, সংশ্লিষ্ট বাহিনীর সদর দপ্তরে জমা পড়া আবেদন এবং পূর্বে গঠিত পর্যালোচনা কমিটিতে জমা দেওয়া আবেদনগুলো যাচাই-বাছাই করবে এই কমিটি। এ ক্ষেত্রে যারা আগে আবেদন জমা দেননি তারা আগামী ১০ আগস্টের মধ্যে আবেদন করতে পারবেন। নবগঠিত এই কমিটি আবেদনকারীদের সাক্ষাতকার গ্রহণপূর্বক দাখিল করা নথিপত্র ও মানবিক বিষয় বিবেচনায় নিয়ে সমাধানকল্পে গ্রহণযোগ্য সুপারিশ করবে কমিটি।
কমিটির সভাপতি হিসেবে সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেলকে রাখা হয়েছে। পাশাপাশি সদস্য হিসেবে সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল, নৌবাহিনীর একজন অবসরপ্রাপ্ত রিয়ার এডমিরাল, বিমান বাহিনীর একজন এয়ার ভাইস মার্শাল, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত একজন অতিরিক্ত সচিব এবং সশস্ত্র বাহিনী বিভাগের অবসরপ্রাপ্ত একজন বিগ্রেডিয়ার জেনারেলকে রাখা হয়েছে। এছাড়া সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত একজন ব্রিগেডিয়ার জেনারেল কমিটির সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন।
প্রজ্ঞাপন অনুযায়ী, ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৪ আগস্ট পর্যন্ত সময়ের মধ্যে সংঘটিত ঘটনাগুলোর ভিত্তিতে জমা পড়া আবেদন যাচাই-বাছাই করবে কমিটি। এ ক্ষেত্রে কমিটির সভাপতি প্রয়োজনে সদস্য অন্তর্ভুক্ত (কো-অপ্ট) করতে পারবেন।
এছাড়া কমিটিকে আগামী ১ ডিসেম্বরের মধ্যে প্রতিরক্ষা মন্ত্রীর কাছে সুপারিশ জমা দিতে বলা হয়েছে। সেই সঙ্গে ২০ জুলাইয়ের মধ্যে কমিটির সভাপতি ও সদস্যদের নামের তালিকা সেনাসদরে পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে।

