প্রথম সন্তানের মুখ দেখার আগেই ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনি গোলরক্ষক

ফিলিস্তিনি গোলরক্ষক সালিম আল-আশকার। ছবি: সংগৃহীত
প্রান্তডেস্ক:গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় ফিলিস্তিনি গোলরক্ষক সালিম আল-আশকার নিহত হয়েছেন। এ তথ্য জানিয়েছে ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন (পিএফএ)।
তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়, পিএফএর এক বিবৃতিতে দাবি করা হয়েছে, ইসরায়েলি বাহিনীর গুলিতে প্রাণ হারান আল-আশকার। ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় যুদ্ধ শুরুর পর থেকে নিহত শত শত ফিলিস্তিনি ক্রীড়াবিদ ও ক্রীড়া ব্যক্তিত্বের তালিকায় যুক্ত হলেন তিনি।
জানা গেছে, মাত্র পাঁচ মাস আগে বিয়ে করেছিলেন ৩২ বছর বয়সী সালিম আল-আশকার। তার স্ত্রী বর্তমানে অন্তঃসত্ত্বা। তার মৃত্যুতে পরিবার, সতীর্থ, ফিলিস্তিনের ক্রীড়াঙ্গন এবং বিশ্বের বিভিন্ন প্রান্তের ফুটবলপ্রেমীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

