কালেমা লেখা পতাকা উত্তোলনের পেছনের পরিকল্পনা খতিয়ে দেখছে সরকার: তথ্য উপদেষ্টা
প্রান্তডেস্ক:দেশের বিভিন্ন স্থানে আরবিতে কালেমা লেখা পতাকা উত্তোলনের বিষয়টি সরকার অত্যন্ত গুরুত্বের সাথে আমলে নিয়েছে এবং এর পেছনের সুনির্দিষ্ট পরিকল্পনা খতিয়ে দেখছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি স্পষ্ট করেছেন, এই ঘটনার সাথে সরকারের কোনো সম্পর্ক নেই এবং এটি নিয়ে বৈশ্বিক পরিমণ্ডলে ভুল বার্তা যাওয়ার আশঙ্কা থাকায় সরকার বেশ সচেতন রয়েছে।
আজ মঙ্গলবার (৩০ জুন) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলনকক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে দেশের বিভিন্ন স্থানে কালেমা লেখা পতাকা উত্তোলনের প্রতি উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন:
“খুব বিস্তারিত বলছি না, এটা সরকার কগনিজেন্সে (আমলে) নিয়েছে, সরকার এটা দেখেছে। এর সঙ্গে সরকারের কোনো সম্পর্ক থাকার কোনো কারণ নেই। বরং এটা সরকার খতিয়ে দেখছে। কারণ এটা নিয়ে কিছু কিছু ক্ষেত্রে গ্লোবালি (বৈশ্বিক পরিমণ্ডলে) ভুল বার্তা যাওয়ার সম্ভাবনা বা আশঙ্কা আছে, এ ব্যাপারে আমরা সচেতন আছি।”
ডা. জাহেদ উর রহমান আরও জানান, এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে। তিনি ব্যক্তিগতভাবেও বিষয়টি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন এবং আশা প্রকাশ করেন যে, এই প্রবণতা বা জিনিসটা এভাবে আর চলতে দেওয়া হবে না।
এসব কর্মকাণ্ডের সাথে কারা জড়িত সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা ইঙ্গিতপূর্ণ বক্তব্য দেন। তিনি বলেন: এগুলো কারা করছে, কেন করছে—তা তো বুঝতেই পারছেন। কিছু মানুষকে সোশ্যাল মিডিয়াতে এই নিয়ে কথা বলতে বা সক্রিয় দেখা যাচ্ছে, কিন্তু তারাই তো আসলে সবসময় মূল ব্যক্তি না।
যেহেতু বিষয়টি বেশ ওয়াইডস্প্রেড বা বিস্তৃতভাবে ছড়িয়ে পড়েছে, তাই এর পেছনে নিশ্চয়ই কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা কাজ করছে। সেটিই এখন সরকার গভীরভাবে খতিয়ে দেখছে এবং ইনশাআল্লাহ এর পেছনের মূল রহস্য বের করা সম্ভব হবে।

