সরকার ‘বেজন্মা’ হলে জামায়াতও ‘বেজন্মা’: হাবিবুরের উদ্দেশে এমপি এমরান

প্রান্তডেস্ক:সিলেট জেলা জামায়াতের আমির ও জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মাওলানা হাবিবুর রহমান জ্বালানি তেল-গ্যাস ও দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির প্রতিবাদে সিলেট মহানগর জামায়াত কর্তৃক আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তব্যের এক পর্যায়ে ‘সরকারের জন্মের ঠিক নাই’ মন্তব্য করেছিলেন। তার এই বক্তব্যের পর সিলেটের রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা সৃষ্টি হলে, পরে তিনি তার এই মন্তব্যের জন্য দুঃখপ্রকাশও করেন।
হাবিবুর রহমানের এই দুঃখপ্রকাশের পরেও থেমে নেই উত্তেজনা। এবার এর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী।
শুক্রবার (৫ জুন) নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, সিলেট জেলা জামায়াতের আমির হাবিবুর রহমান সাহেব যে ভাষায় সরকারকে আক্রমণ করেছেন, এটা শুধু ন্যক্কারজনকই নয় তাদের দলের নেতাদের পুরনো মুখোশ খুলে দিয়েছে।
এমরান আহমদ বলেন, যদিও তিনি এখন দুঃখ প্রকাশ করেছেন কিন্তু এই বক্তব্য থেকে তাদের ভিতরে কী পরিমাণ হিংসা এবং প্রতিহিংসা কাজ করছে তার বাস্তব প্রমাণ পাওয়া যায়। সরকার যদি বেজন্মা হয় তবে তারাও বেজন্মা। ভাবতে অবাক লাগে একটি দলের জেলা আমির এই ধরনের বক্তব্য কীভাবে দিতে পারে?
তিনি আরও অভিযোগ করেন, শুধু তিনি নন, ইদানীং তাদের প্রতিটি নেতাদের মুখের ভাষা শুনলে গা শিউরে উঠে। একজন তো মাননীয় প্রধানমন্ত্রীর মৃত্যু পর্যন্ত কামনা করেছেন এবং তাদের আমির সারাজীবন বেঁচে থাকার গ্যারান্টি দিয়েছেন।
জামায়াতের রাজনৈতিক কর্মকাণ্ড সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানিয়ে এই সংসদ সদস্য বলেন, এদের ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। আমাদের দ্বিধা দ্বন্দ্বের দুর্বলতা খুঁজে সেখান থেকে ফায়দা লুটের চেষ্টায় তারা লিপ্ত। প্রয়োজনে এদেরকে সামাজিক এবং রাজনৈতিক ভাবে ভাবে বয়কট করুন।

