বৃদ্ধা মায়ের মরদেহ উদ্ধারের ঘটনায় যুগ্ম-সচিবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত

প্রান্তডেস্ক:রাজধানীর মিরপুরে নিজ ফ্লাট থেকে বৃদ্ধা নুরজাহান বেগমের অর্ধগলিত মরদেহ উদ্ধারের ঘটনায় তার ছেলে যুগ্ম-সচিব এ কে এম আনিসুর রহমানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।
বুধবার (৩ জুন) সকালে এক বেসরকারি গণমাধ্যমকে এ কথা জানান তিনি।
আনিসুর রহমানের সঙ্গে কথা বলতে তার ফোনে গত রাত থেকে অসংখ্য বার ফোন দেওয়া হলেও তিনি ফোন ধরেননি।
উল্লেখ্য, গত রোববার (৩১ মে) রাজধানীর মিরপুর-১১ এলাকার একটি ফ্ল্যাট থেকে ৯৯৯-এ ফোন পাওয়ার পর বৃদ্ধা নুরজাহান বেগমের পচা-গলা-পোকা ধরা মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ঘটনাটি দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
স্থানীয় সূত্র ও প্রতিবেশীদের অভিযোগ, তিনি দীর্ঘদিন একা বসবাস করতেন। নুরজাহান বেগমের অন্য আরেক ছেলে এ কে এম আশিকুর রহমান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের একজন অধ্যাপক এবং মেয়ে স্কুল শিক্ষিকা। নুরজাহান বেগমের দুই ছেলে আলাদা থাকতেন। মায়ের সঙ্গে কোনো যোগাযোগ ছিল না তাদের।

