হবিগঞ্জে চা বাগান শ্রমিকদের অনিদিষ্টকালের কর্মবিরতি

চা বাগান শ্রমিকদের অনিদিষ্টকালের কর্মবিরতি অব্যাহত
চা শ্রমিকরা জানান, কয়েক সপ্তাহ ধরে নিয়মিত তলবি (সাপ্তাহিক বেতন) পাচ্ছেন না ৪টি বাগানের শ্রমিকরা। ফলে বাগানের প্রায় ৫ হাজার শ্রমিক চরম সংকটে পড়েছেন। পরিবার নিয়ে মানবেতর জীবন করছেন তারা।
এদিকে, গত ৬ মে বিভাগীয় শ্রম দপ্তর শ্রীমঙ্গলে মালিক, শ্রমিক ও শ্রম অধিদপ্তরের ত্রিপাক্ষিক একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সিদ্ধান্ত হয় দ্রুত শ্রমিকদের সকল বকেয়া পরিশোধ করার জন্য। এছাড়াও বর্ষা শুরুর আগে জরাজীর্ণ ঘর সংস্কার, শ্রম আইন অনুযায়ী চিকিৎসার ব্যবস্থা করা, বকেয়া বেতন, রেশন, প্রভিডেন্ট ফান্ড ও সাপ্তাহিক তলব প্রদান করার সিদ্ধান্ত হয়। কিন্তু মালিকপক্ষ সিদ্ধান্ত পূরণ না করায় দেঊন্দি কোম্পানির ৪টি বাগানের শ্রমিকরা গতকাল সকাল থেকে কর্মবিরতি শুরু করে। শ্রমিকরা বাগান ও ফ্যাক্টরিতে না গিয়ে নাচ ঘরে অবস্থান নেয়, যা আজও অব্যাহত রয়েছে।
এ ব্যাপারে দেউন্দি চা-বাগানের পঞ্চায়েত কমিটির সভাপতি আপন সাঁওতাল বলেন, ‘দেউন্দি কোম্পানির অধীনে ৪টি বাগান রয়েছে। দীর্ঘদিন ধরে চা শ্রমিকরা অবহেলিত অবস্থায় রয়েছে। মালিকপক্ষ দীর্ঘদিন যাবত শুধু সব সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে যাচ্ছেন। কিন্তু কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি।(সৌজন্যে:দৈনিক আমাদের সময়)

