মাধবপুরে নিখোঁজ হওয়ার দুদিন পর যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

হপ্রান্তডেস্ক:বিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের মহাদেবপুর গ্রাম থেকে নিখোঁজ আলী হোসেন (২২) নামে এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই গ্রামের আব্দুল আহাদের ছেলে।
কাশিমনগর পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) দেলোয়ার হোসেন জানান, গত শনিবার সকাল ১১টার পর থেকে আলী হোসেন নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে তার সন্ধান না পেয়ে রবিবার ধর্মঘর এলাকায় মাইকিং করেন। পাশাপাশি স্বজনেরা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও তার সন্ধান চেয়ে পোস্ট দেন।
সোমবার (২০ জুলাই) সকাল ৭টার দিকে মহাদেবপুর গ্রামে আলী হোসেনের বাড়ি থেকে প্রায় ৭০০ গজ দূরে বর্ষার পানিতে তলিয়ে থাকা একটি জমিতে তার ভাসমান মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
পুলিশ জানায়, কয়েক দিন পানিতে থাকায় মরদেহে পচন ধরে ফুলে গিয়েছিল। নিহতের বাবা আব্দুল আহাদ জানান, আলী হোসেন রেস্তোরাঁয় কাজ করার পাশাপাশি রাজমিস্ত্রির কাজও করতেন। কীভাবে তার মৃত্যু হয়েছে, সে বিষয়ে তারা এখনো কিছু নিশ্চিত হতে পারেননি।
মাধবপুর থানা পুলিশ জানায়, মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

