প্রান্তডেস্ক:ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, তারা উপসাগরীয় অঞ্চলে নিজেদের আকাশসীমায় প্রবেশ করা একটি মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোন গুলি করে ভূপাতিত করেছে।
আইআরজিসি’র পক্ষ থেকে বলা হয়েছে, মার্কিন ড্রোন ভূপাতিত করার সময় তারা ওই এলাকায় ‘শত্রুতাপূর্ণ’ বিমান শনাক্ত করেছে। এনিয়ে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস আরও বলেছে, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যেকোনো যুদ্ধবিরতি লঙ্ঘনের বিরুদ্ধে পাল্টা জবাব দেয়ার ‘বৈধ ও সুনির্দিষ্ট’ অধিকার তেহরানের আছে।
এর আগে সোমবার যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী দক্ষিণ ইরানে নতুন করে বিমান হামলা চালিয়েছে। এতে অন্তত চারজন নিহত হয়েছে বলে ইরানি মিডিয়ার খবরে নিশ্চিত করা হয়েছে। ছয় সপ্তাহেরও বেশি সময় ধরে চলা যুদ্ধবিরতির মধ্যেই এই হামলার ঘটনা ঘটলো।
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে বলেছে, ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং সমুদ্রপথে মাইন পুঁতে রাখার চেষ্টায় লিপ্ত স্পিডবোটগুলোকে লক্ষ্য করে মার্কিন বাহিনী হামলা চালিয়েছে।
ওয়াশিংটনের দাবি, ‘আত্মরক্ষা’ এবং ইরানি বাহিনীর হুমকি থেকে নিজেদের সেনাদের নিরাপত্তার জন্য এই অভিযান চালানো হয়েছে। এই হামলা এমন সময়ে হলো যখন কাতারের রাজধানী দোহায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য সমঝোতা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা চলছিল।


